সাধারণ জ্বরের চিকিৎসায় ৯,০০০ টাকার বিল ঘিরে চেন্নাইয়ে বিতর্ক। ভাইরাল পোস্টে কর্পোরেট স্বাস্থ্যব্যবস্থার খরচ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 March 2026 13:46
দ্য ওয়াল ব্যুরো: সাধারণ জ্বর (simple fever) দেখাতে গিয়ে প্রায় ৯,০০০ টাকা বিল! চেন্নাইয়ের (Chennai) এক ব্যক্তির সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে কর্পোরেট স্বাস্থ্যব্যবস্থার (corporate healthcare) খরচ নিয়ে।
প্রশান্ত রঙ্গস্বামী (Prashanth Rangaswamy) নামে ওই ব্যক্তি এক্স (X)-এ দাবি করেন, সামান্য জ্বর-সর্দি নিয়ে অ্যাপোলো ক্লিনিকসে (Apollo Clinics) দেখাতে গিয়েছিলেন। সেখানে কনসালটেশন (consultation), রক্ত পরীক্ষা (blood test), সোয়াব টেস্ট (swab test)-সহ একাধিক পরীক্ষা করানো হয়। সব মিলিয়ে বিল দাঁড়ায় প্রায় ৯,০০০ টাকা, তার সঙ্গে ওষুধের দাম আরও ৯০০ টাকা। তাঁর স্পষ্ট মন্তব্য, “একেবারেই টাকা উসুল নয়” (absolutely not worth it)।
পোস্টটি ভাইরাল (viral) হতেই নড়েচড়ে বসে অ্যাপোলো ক্লিনিকস (Apollo Clinics)। সংস্থার তরফে জবাবে জানানো হয়, ক্লিনিকের লোকেশন (location) ও যোগাযোগের তথ্য (contact details) দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় (social media) শুরু হয়েছে তর্ক-বিতর্ক। একাংশের অভিযোগ, কর্পোরেট হাসপাতাল (corporate hospital) অযথা পরীক্ষা করিয়ে খরচ বাড়ায়। অন্যদিকে, অনেকেই বলছেন—এ ধরনের প্রতিষ্ঠানে গেলে তাদের নির্ধারিত খরচ মেনে নিয়েই যেতে হয়। বিকল্প হিসেবে ছোট ক্লিনিক বা সরকারি হাসপাতাল (government hospital) তো আছেই।
অ্যাপোলো হাসপাতাল হায়দরাবাদের (Hyderabad) স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. সুধীর কুমার (Dr. Sudhir Kumar) এই প্রসঙ্গে লেখেন, “সাধারণ জ্বর হলে আমি নিজে ডাক্তার দেখাই না, পরীক্ষা করাই না, এমনকি অ্যান্টিবায়োটিক (antibiotic) বা প্যারাসিটামলও খাই না। এতে গত ৩০ বছরে লাখ লাখ টাকা বেঁচেছে।”
আরও এক নেটিজেনের মন্তব্য, “সরকারি হাসপাতালে সাধারণ জ্বরের চিকিৎসা বিনামূল্যে হয়, তবু মানুষ কেন এড়িয়ে যায়?” অন্য এক জন লেখেন, “অ্যাপোলো ক্লিনিকে (Apollo Clinic) কেন গেলেন? কেউ তো জোর করেনি। চাইলে লোকাল ফ্যামিলি ফিজিশিয়ানের (family physician) কাছেও যেতে পারতেন।”
কেউ কেউ আবার আরও কড়া ভাষায় বলেন, এই ধরনের ক্লিনিক রোগীকে বড় হাসপাতালে টানার জন্যই কাজ করে। “ছোটখাটো সমস্যায় পাড়ার ডাক্তারই ভরসা।”
সব মিলিয়ে, সাধারণ জ্বরের চিকিৎসায় এত খরচ কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন তুলেছে এই ভাইরাল পোস্ট। পাশাপাশি, স্বাস্থ্য পরিষেবার খরচ, পরিকাঠামো (infrastructure) এবং নৈতিকতা (ethics) নিয়েও নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।