এই উদ্যোগ কিন্তু নতুন নয়। টানা তিন বছর ধরে দীপাবলির সময় তিনি তাঁর কর্মীদের এমনভাবেই পুরস্কৃত করছেন।

ছবি - এআই
শেষ আপডেট: 20 October 2025 15:45
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলি (Diwali 2025) জমে গেছে চণ্ডীগড়ের (Chandigarh) এই সংস্থার কর্মীদের জন্য। কারণ উৎসবের মধ্যেই তারা পেলেন অভূতপূর্ব উপহার। চণ্ডীগড়ের উদ্যোগপতি এম কে ভাটিয়া (MK Bhatia) তাঁর সংস্থার শীর্ষ কর্মীদের উপহার (Gifts) দিয়েছেন একটি, দুটি নয়, পুরো ৫১টি নতুন গাড়ি। নিজের এই উদ্যোগকে ভাটিয়া মজার ছলে বলেছেন তাঁর 'হাফ সেঞ্চুরি অব গিফটিং'।
মিটস হেলথকেয়ার কোম্পানির মালিক ভাটিয়ার এই উদ্যোগ কিন্তু নতুন নয়। টানা তিন বছর ধরে দীপাবলির সময় তিনি তাঁর কর্মীদের এমনভাবেই পুরস্কৃত করছেন। লিঙ্কডইনে এক পোস্টে তিনি লিখেছেন, “গত দুই বছর ধরে আমরা আমাদের অসাধারণ টিমকে গাড়ি উপহার (Car Gift) দিয়ে উৎসব উদযাপন করেছি। এ বছরও সেই আনন্দের ধারাই বজায় থাকছে।”
ভাটিয়া আরও লিখেছেন, “আমি তাঁদের কখনও কর্মী বলিনি। তাঁরা আমার জীবনের ‘ফিল্মস্টার’, যাঁরা প্রতিটি দৃশ্যকে ব্লকবাস্টার বানান। কিছু গাড়ি ইতিমধ্যেই পৌঁছে গেছে, বাকিগুলিও আসছে। এই দীপাবলি হবে এক্সট্রা স্পেশাল!”
সর্বভারতী এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী, এ সপ্তাহেই ভাটিয়া নিজে হাতে কর্মীদের গাড়ির চাবি তুলে দেন। পরে সেই আনন্দ ভাগ করে নিতে একটি বিশেষ ‘কার গিফট র্যালি’-ও আয়োজন করা হয়, যা গাড়ি শোরুম থেকে শুরু হয়ে পৌঁছয় মিটস হাউস অফিস-এ।
কেন এমন ব্যয়বহুল উপহার দেন প্রতি বছর? উত্তরে ভাটিয়ার স্পষ্ট কথা, “আমার সহকর্মীরাই আমার সংস্থার মেরুদণ্ড। তাঁদের পরিশ্রম, সততা এবং নিষ্ঠাই আমাদের সাফল্যের ভিত্তি। তাঁদের এই পরিশ্রমের স্বীকৃতি দেওয়া আর অনুপ্রাণিত রাখাই আমার একমাত্র লক্ষ্য।”
ইতিমধ্যেই ভাটিয়ার এই উদ্যোগ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের কেউ লিখেছেন, “আমি এই ভিডিওটা ম্যানেজারকে দেখালাম। উনি বললেন, এটা নিশ্চয়ই এআই বানিয়েছে! আমাদের কোম্পানি শুধু দিয়েছে এক বোতল বাদাম আর চারটে প্রদীপ।” আরও এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “আপনার দলের জন্য সত্যিই আনন্দের মুহূর্ত। ঈশ্বর আপনাদের আরও সুখ দিন।” তৃতীয় একজন লিখেছেন, “এই যুগে আপনার মতো মানুষ বিরল। আপনার উদারতা নিজেই এক আশীর্বাদ। ঈশ্বর আপনাকে আরও আনন্দ দিন।”
দীপাবলির উৎসবের মধ্যেই এই খবর যেন ছড়িয়ে দিয়েছে উৎসবের আলোর সঙ্গে কৃতজ্ঞতারও এক উজ্জ্বল বার্তাও।