প্রতিবন্ধকতাজনিত দুর্ঘটনার তথ্য মিলিয়ে দেওয়া হবে Unique Disability ID (UDID)-এর সঙ্গে। এতে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে নথিভুক্তি হবে এবং ক্ষতিপূরণের দাবি দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 5 September 2025 14:27
দ্য ওয়াল ব্যুরো: পথদুর্ঘটনায় (Road Accident) আহতদের মধ্যে যাঁরা প্রতিবন্ধী (Disabilities) হয়ে পড়ছেন, তাঁদের জন্য বড় পদক্ষেপ নিল কেন্দ্র (Centre)। প্রতিবন্ধকতাসম্পন্ন দুর্ঘটনাগ্রস্তদের দ্রুত চিকিৎসা, সুরক্ষিত পরিবহন ও দীর্ঘমেয়াদি পুনর্বাসনের জন্য একটি খসড়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রকাশ করেছে সমাজকল্যাণ মন্ত্রকের অধীন প্রতিবন্ধী সশক্তিকরণ দফতর (DEPwD)।
এই খসড়া নির্দেশিকায় বলা হয়েছে, ভবিষ্যতের সব অ্যাম্বুলেন্সে থাকবে হুইলচেয়ার র্যাম্প, অ্যাডজাস্টেবল স্ট্রেচার, ইমার্জেন্সি সরঞ্জাম। পাশাপাশি প্রশিক্ষিত পুলিশ, প্যারামেডিক্স ও স্বেচ্ছাসেবীরা শিখবেন কীভাবে মেরুদণ্ড বা অঙ্গহানিগ্রস্তদের সঠিক পদ্ধতিতে সামলাতে হবে।
২০১৪ সালে সুপ্রিম কোর্ট সরকারকে নির্দেশ দিয়েছিল, সড়ক দুর্ঘটনার পরবর্তী চিকিৎসা ও নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট এসওপি তৈরি করতে। সেই নির্দেশের ফলেই এই খসড়া প্রকাশ। এতে দুর্ঘটনায় প্রতিবন্ধকতা তৈরি হওয়া মানুষদের চিহ্নিত করা থেকে শুরু করে চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিকভাবে সংযুক্ত করার রূপরেখা দেওয়া হয়েছে।
এসওপি অনুযায়ী, নতুন ও পুনর্গঠিত সব সড়ক ও পরিবহন অবকাঠামোকে অবশ্যই Rights of Persons with Disabilities (RPWD) Act, 2016 এবং ইন্ডিয়ান রোডস কংগ্রেস (IRC)-এর নির্দেশিকা মেনে তৈরি করতে হবে।
তার মধ্যে থাকবে ট্যাকটাইল পেভিং, র্যাম্প, সহজগম্য ক্রসিং, শব্দনির্ভর সিগন্যাল, লো-ফ্লোর বাস ও অগ্রাধিকার আসন। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নিয়মিত অডিট করতেও বলা হয়েছে।
প্রতিবন্ধকতাজনিত দুর্ঘটনার তথ্য মিলিয়ে দেওয়া হবে Unique Disability ID (UDID)-এর সঙ্গে। এতে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে নথিভুক্তি হবে এবং ক্ষতিপূরণের দাবি দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে।
দুর্ঘটনাগ্রস্তদের জন্য থাকবে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, মানসিক পরামর্শ, পেশাগত প্রশিক্ষণ। প্রয়োজন অনুযায়ী দেওয়া হবে প্রস্থেটিক অঙ্গ, হুইলচেয়ার, হিয়ারিং এইডের মতো সহায়ক যন্ত্র— ADIP Scheme এবং রাজ্যের অন্য প্রকল্পের মাধ্যমে।
জেলা সড়ক নিরাপত্তা কমিটি ও স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির সমন্বয়ে ক্ষতিপূরণ নিশ্চিত করার কথাও বলা হয়েছে। পাশাপাশি IRDAI-এর সঙ্গে সমন্বয় করে দুর্ঘটনাগ্রস্তদের জন্য বিশেষ বিমা কাভার চালুর সুপারিশ করা হয়েছে, যাতে পুনর্বাসন খরচ ও সহায়ক যন্ত্রের খরচ অন্তর্ভুক্ত থাকে।
প্রতিবছর প্রথম সারির উদ্ধারকর্মী ও চিকিৎসাকর্মীদের প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। দুর্ঘটনার তথ্য যুক্ত করা হবে Crime and Criminal Tracking Network and Systems (CCTNS)-এর সঙ্গে। রাজ্যের পরিবহন দফতরে নিয়োগ হবে বিশেষ PwD liaison officer, যাঁরা গোটা উদ্যোগের নজরদারি করবেন।
অধিকাংশ পর্যবেক্ষকের মতে, এই খসড়া এসওপি কার্যকর হলে সড়ক দুর্ঘটনার শিকার প্রতিবন্ধীদের চিকিৎসা ও পুনর্বাসনে বড়সড় পরিবর্তন আসবে। তবে বাস্তবায়নে রাজ্যগুলির সক্রিয় অংশগ্রহণ জরুরি।