ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত ঘিরে আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। সেই আবহেই ভারতের অবস্থান নিয়ে বিরোধীদের একাধিক প্রশ্ন ও সমালোচনা সামনে এসেছে। বিশেষ করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক সংসদীয় বক্তব্য ঘিরেও রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে।

নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 24 March 2026 14:42
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সংঘাত (Middle East Crisis) পরিস্থিতি নিয়ে এবার সর্বদল বৈঠক ডাকল কেন্দ্রের বিজেপি সরকার (Centre All Party Meeting)। বুধবার, সংসদ ভবনে এই বৈঠক হওয়ার কথা। বিকেল পাঁচটায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই আলোচনা, যেখানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত (US Iran Conflict) ঘিরে আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। সেই আবহেই ভারতের অবস্থান নিয়ে বিরোধীদের একাধিক প্রশ্ন ও সমালোচনা সামনে এসেছে। বিশেষ করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সাম্প্রতিক সংসদীয় বক্তব্য ঘিরেও রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে সব পক্ষকে একসঙ্গে বসিয়ে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
এর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানে দেশের শীর্ষ সামরিক ও প্রতিরক্ষা আধিকারিকরা উপস্থিত ছিলেন। সংঘাতের সামগ্রিক প্রভাব এবং সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা হয় সেই বৈঠকে। দেশের নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে একাধিক দিক খতিয়ে দেখা হয়েছে বলে জানা যাচ্ছে।
প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সংসদে এই বিষয়টি নিয়ে বক্তব্য রেখেছেন। তিনি জানিয়েছেন, সরকার লাগাতার চেষ্টা চালাচ্ছে যাতে এই সংঘাতের প্রভাব দেশের উপর যতটা সম্ভব কম পড়ে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যপথে হামলা এবং হরমুজ প্রণালীতে বাধা সৃষ্টি হওয়াকে তিনি অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।
এই সংঘাতের ফলে জ্বালানি সরবরাহ, সার আমদানি এবং জাতীয় নিরাপত্তা - সব ক্ষেত্রেই প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি এবং সমন্বয়ের উপর জোর দিচ্ছে কেন্দ্র।
সর্বদল বৈঠকে এই সমস্ত বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের তরফে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সব দলকে অবহিত করা হবে এবং মতামতও চাওয়া হবে। আন্তর্জাতিক সঙ্কটের মুখে দেশের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই বার্তাই স্পষ্ট।
সোমবারই লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, সঙ্কট শুরু হওয়ার পর থেকেই সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ভারতীয় নাগরিকদের সুরক্ষায়। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে থাকা ভারতীয়দের পাশে দাঁড়াতে সব রকম কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী এও বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের সকল রাজনৈতিক দলকে একসঙ্গে বার্তা দিতে হবে। এই সঙ্কট মোকাবিলায় ঐক্যবদ্ধ অবস্থান জরুরি বলেই তিনি মনে করেন। তাঁর কথায়, দীর্ঘদিন ধরে চলা এই সংঘাত (Middle East Tensions) বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তুলেছে এবং দ্রুত সমাধানের জন্য আন্তর্জাতিক মহলও উদ্যোগী।
সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত তিন লক্ষেরও বেশি ভারতীয় দেশে ফিরেছেন। বিভিন্ন দেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসগুলি আটকে পড়া নাগরিকদের সহায়তায় কাজ করছে। পাশাপাশি একাধিক দেশের রাষ্ট্রনেতার সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের কাছ থেকেও ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস পেয়েছেন প্রধানমন্ত্রী।