নিয়ম বহির্ভূতভাবে বিদেশ থেকে আর্থিক অনুদান নেওয়ার পাশাপাশি, তাঁর পাকিস্তান সফর নিয়েও তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দারা।

সোনম ওয়াংচুক।
শেষ আপডেট: 25 September 2025 17:23
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষাবিদ তথা জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের বিরুদ্ধে তদন্ত শুরু করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI। নিয়ম বহির্ভূতভাবে বিদেশ থেকে আর্থিক অনুদান নেওয়ার পাশাপাশি, তাঁর পাকিস্তান সফর নিয়েও তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দারা। রাজ্যের স্বীকৃতির দাবিতে লাগাতার আন্দোলন চলছে লাদাখে। একটানা অনশন চালিয়ে যাচ্ছিলেন খোদ সোনমও। একদিন আগে হঠাৎই সেই শান্তিপূর্ণ আন্দোলন হিংসাত্মক আকার ধারণ করে। লেহ্-তে বিজেপি-র দলীয় কার্যালয় পুড়িয়ে দেন বিক্ষোভকারীরা। আগুন ধরানো হয় পুলিশের গাড়িতেও। খণ্ডযুদ্ধে প্রাণ হারান চার জন। আহত হন প্রায় ৭০ জন।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সোনমের সংস্থা Himalayan Institute of Alternatives Ladakh (HIAl)-এর আর্থিক অনুদান নিয়ে মাস দুয়েক আগেই তদন্ত শুরু হয়েছিল বলে দাবি করা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি। সোনম জানিয়েছেন, ১০ দিন আগে CBI-এর একটি দল তাঁর কাছে হাজির হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ দেখিয়ে জানায়, বিদেশি অনুদান আইন লঙ্ঘিত হয়েছে।
চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সোনম কেন পাকিস্তান গিয়েছিলেন, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। ইসলামাবাদে 'ব্রিথ পাকিস্তান' নামে ক্লাইমেট কনফারেন্সে যোগদান করেছিলেন তিনি। ডন সংবাদমাধ্যমের পক্ষ থেকে এই কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। সেখানে সোনম ওয়াংচুক 'গ্লেসিয়ার মেল্ট: আ সাস্টেনেবল স্ট্র্যাটেজি ফর দ্য ওয়াটার টাওয়ার্স অফ সাউথ এশিয়া' বিষয়ে প্যানেলে অংশ নিয়েছিলেন। যদিও সোনমের বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বলা হয়েছে, অনুমোদন ছাড়াই বিদেশ থেকে অনুদান গ্রহণ করা হয়েছে। সোনম আরও বলেন, আমরা বিদেশি অনুদানের উপর নির্ভরশীল হতে চাই না। বরং নিজেদের জ্ঞান রফতানি করি আমরা, টাকা জোগাড় করি। এমন তিনটি ঘটনাকে বিদেশি অনুদান বলা হচ্ছে।
তাঁর পাকিস্তান সফর নিয়ে বিতর্ক তৈরি হতেই সোনম ওয়াংচুক বলেছিলেন, জলবায়ু পরিবর্তনের কোনও সীমানা থাকে না। এতে গোটা পৃথিবীর ক্ষতি হচ্ছে। ফলে জলবায়ু পরিবর্তন রোখার প্রচেষ্টাতেও কোনও সীমানা থাকা উচিত নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছি, কারণ ভাল প্রচেষ্টার পাশে সর্বদা থাকা উচিত। বিশ্বের অনেক রাষ্ট্রনেতাই জলবায়ু পরিবর্তন নিয়ে উদাসীন। সেই সময়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিশন লাইফ উদ্যোগ শুরু করেছেন। ফলে সেটির প্রশংসা তো করতেই হবে। এতে তো অবাক হওয়ার কোনও কারণ নেই। যা ভাল উদ্যোগ, তা প্রশংসনীয়। সীমান্তের কথা না ভেবেই আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে পরিবেশের রক্ষায়।