আবেদনকারীর নাম 'ক্যাট কুমার' (Cat Kumar applies for ID proof in Bihar)। বাবার নাম ‘ক্যাটি বস’ এবং মায়ের নাম ‘ক্যাটিয়া দেবী’। এই আবেদন নজরে আসতেই নড়েচড়ে বসেছে রোহতাস প্রশাসন। মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিহারে বাসিন্দা শংসাপত্রের আবেদন করলেন 'ক্যাট কুমার'
শেষ আপডেট: 11 August 2025 16:14
দ্য ওয়াল ব্যুরো: কুকুর, ট্র্যাক্টরের পর এবার বিড়ালের নামে বাসিন্দা শংসাপত্রের আবেদন করা হল বিহারের। আবেদনকারীর নাম 'ক্যাট কুমার' (Cat Kumar applies for ID proof in Bihar)। বাবার নাম ‘ক্যাটি বস’ এবং মায়ের নাম ‘ক্যাটিয়া দেবী’। এই আবেদন নজরে আসতেই নড়েচড়ে বসেছে রোহতাস প্রশাসন। মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, রোহতাসের জেলা ম্যাজিস্ট্রেট উদিতা সিং রাজস্ব কর্মকর্তা কৌশল প্যাটেলকে নির্দেশ দেন নাসরিগঞ্জ থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে। সেইমতোই তদন্ত এগোচ্ছে।
কয়েক সপ্তাহ আগেই বিহারে একই ধরনের দুটি ভুয়ো আবেদন জমা পড়েছিল। একটিতে আবেদনকারীর নাম ছিল ‘ডগ বাবু’ (পাটনা) এবং অন্যটিতে ‘সোনালিকা ট্র্যাক্টর’ (পূর্ব চম্পারণ জেলা)। এই ভুয়ো আবেদনগুলির ঘটনায় তদন্ত শুরু হয়। দায়িত্বপ্রাপ্ত সরকারি তিন আধিকারিককে সাসপেন্ড করা হয়।
সূত্রে খবর, সর্বশেষ ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। সরকারি কাজে বাধা দেওয়া সহ একাধিক অভিযোগে মামলা রুজু হয়েছে এবং গ্রেফতারের পর অতিরিক্ত ধারাও যোগ করা হবে।
‘বিহার রাইট টু পাবলিক সার্ভিস অ্যাক্ট’-এর আওতায় রাজ্যের বাসিন্দারা অনলাইনে বাসিন্দা শংসাপত্রের জন্য আবেদন করতে পারেন। নির্দিষ্ট নথিপত্র যাচাইয়ের পর সংশ্লিষ্ট আধিকারিকরা শংসাপত্র জারি করেন। কিন্তু এই ঘটনায় গোটা ব্যবস্থার ওপরই প্রশ্ন উঠেছে।
বিশেষজ্ঞদের মতে, বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই প্রচুর বাসিন্দা শংসাপত্রের জন্য আবেদন জমা পড়ছে। কারণ, নির্বাচন কমিশন আবাসিক শংসাপত্রকে ১১টি গ্রহণযোগ্য নথির মধ্যে একটি হিসেবে স্বীকৃতি দিয়েছে।