
সর্বোচ্চ আদালত পশুপ্রেমীদের সতর্ক করে দিয়ে আরও বলেছে, যদি কোনও ব্যক্তি বা সংগঠন এই কাজে বাধা দেয়, তাহলে তার বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
শেষ আপডেট: 11 August 2025 13:01
দ্য ওয়াল ব্যুরো: পথকুকুর নিয়ে কড়া পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। সোমবার দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনের (NCR) পুরসভাকে রাস্তার সমস্ত কুকুরকে ধরার নির্দেশ দিল। শুধু তাই নয়, এই সব কুকুরকে নির্বীজকরণ করে স্থায়ীভাবে তাদের খোঁয়াড়ে পাঠানোর কথাও বলে দিয়েছে। কঠোরভাবে শীর্ষ আদালত জানিয়েছে, এই নির্দেশের যেন অন্যথা না হয় এবং যথাযথভাবে পালন করা হয়। সর্বোচ্চ আদালত পশুপ্রেমীদের সতর্ক করে দিয়ে আরও বলেছে, যদি কোনও ব্যক্তি বা সংগঠন এই কাজে বাধা দেয়, তাহলে তার বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
বিচারপতি জেবি পারদিওয়ালা এবং আর মাধবনের বেঞ্চ এদিন বলেছে, এনসিটি দিল্লি, এমসিডি, এনএমডিসি (বিভিন্ন পুর কর্তৃপক্ষ) যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা থেকে সমস্ত কুকুরকে পাকড়াও করে। এই কাজ কী করে করা হবে এবং যদি প্রয়োজন হয় তাহলে আলাদা বাহিনী গঠন করতে হবে। কিন্তু, যত দ্রুত সম্ভব তা করতে হবে। সমস্ত পাড়াকে পথকুকুর মুক্ত করতে হবে, এটাই প্রথম কাজ হবে পুর কর্তৃপক্ষগুলির। আদালত জোর দিয়ে বলেছে, রাস্তাঘাটকে পথকুকুর মুক্ত করার কাজে কোনও আপস চলবে না।
একটি মামলার শুনানি শেষে আদালত বলে, যদি কোনও ব্যক্তি বা সংগঠন এই কাজের পথে বাধা সৃষ্টি করে। যেমন কুকুর ধরার সময় বাধা দেয় এবং তাদের লুকিয়ে রাখে। এ ধরনের ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। পুর কর্তৃপক্ষগুলিকে এই কাজে আট সপ্তাহ সময় দিয়েছে শীর্ষ আদালত। তার মধ্যে আদালতে কতটা কাজ হয়েছে তার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কুকুর পাকড়াও করা ছাড়াও তাদের নির্বীজকরণ ও স্থায়ী বাস তৈরি করতে হবে দ্রুত, নির্দেশ সুপ্রিম কোর্টের।