১৪ ফেব্রুয়ারি হওয়া ওই বিয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানস্থলে দাঁড়িয়ে থাকা কনের গায়ে একের পর এক নোট ছোড়া হচ্ছে— যা বহু পাঞ্জাবি বিয়েতে রীতি হিসেবে দেখা যায়।

অতিথিদের অনেককেই গানের তালে নাচতে দেখা যাচ্ছে, মেঝে ভরে যাচ্ছে টাকায়, আর কেউ কেউ আবার হাত উঁচু করে বাতাসে নোট ছুড়ছেন।
শেষ আপডেট: 18 February 2026 17:27
দ্য ওয়াল ব্যুরো: একে বলে ধনবর্ষা। নোট বরসাতও বলা যেতে পারে। ঘটনাটির যে নামই দেওয়া যাক না কেন, মোটের উপর গৃহলক্ষ্মীকে অভ্যর্থনা জানাতে টাকা ও ডলারের খোলামকুচি ছড়ানো হল নববধূর মাথায়। ঘটনাটি পাঞ্জাবের তরণতারণের। বরপক্ষ জোর দিয়ে অবশ্য অস্বীকার করেছে সেই দাবি, যেখানে বলা হয়েছিল তাদের বিয়েতে কনের উপর ৮.৫ কোটি টাকা নগদ ছড়ানো হয়েছে। ১৪ ফেব্রুয়ারি হওয়া ওই বিয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানস্থলে দাঁড়িয়ে থাকা কনের গায়ে একের পর এক নোট ছোড়া হচ্ছে— যা বহু পাঞ্জাবি বিয়েতে রীতি হিসেবে দেখা যায়। অতিথিদের অনেককেই গানের তালে নাচতে দেখা যাচ্ছে, মেঝে ভরে যাচ্ছে টাকায়, আর কেউ কেউ আবার হাত উঁচু করে বাতাসে নোট ছুড়ছেন।
এর মধ্যেই সোশ্যাল মিডিয়ার একাধিক অ্যাকাউন্ট দাবি করে, ওই অনুষ্ঠানে কোটি কোটি টাকা ওড়ানো হয়েছে, ফলে বিয়েটা নাকি একেবারে ‘মহানগদ পার্টি’তে পরিণত হয়েছে। তবে বর-এর দাদা সিকান্দর সিং জানিয়েছেন, টাকা ছড়ানো হলেও পরিমাণ ছিল সোশ্যাল মিডিয়ায় ছড়ানো অঙ্কের ধারেকাছেও নয়। তিনি বলেন, আমার ভাই অস্ট্রেলিয়ায় ট্রাকের ব্যবসা করে। বিয়ে ছিল ১৪ ফেব্রুয়ারি। আমরা আনন্দে কিছু টাকা ছড়িয়েছি, কিন্তু সেটা ছিল প্রায় ২ লাখ টাকার মতো। সোশ্যাল মিডিয়া সেটাকেই বাড়িয়ে কোটি বানিয়ে দিয়েছে, যা পুরোপুরি ভুল।
অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজার ও ডিজে ৮.৫ কোটি টাকার ভাইরাল দাবিকে উড়িয়ে দিয়েছেন। তাঁদের মতে, মোট মিলিয়ে প্রায় ৪ লাখ টাকার মতো ছিল, যার মধ্যে কিছু ডলার নোটও ছিল। তাঁরা বলছেন, কোটি টাকার এই গল্প কোথা থেকে এল আর কীভাবে ছড়াল, সেটাই তাঁদের বোধগম্য নয়। তবু ব্যাখ্যা দেওয়ার পরেও ভিডিওটির জনপ্রিয়তা কমেনি। কেউ কেউ সেই জাঁকজমক আর উৎসবের আমেজ দেখে বাহবা দিচ্ছেন, আবার অনেকেই বলছেন, এত টাকা ছড়ানোটা নাকি একটু বেশিই হয়ে গেছে। বহু মানুষই গরিব মানুষের মধ্যে টাকা বিলি করে দিলে তাঁদের আশীর্বাদ পেত নবদম্পতি এমন মন্তব্যও করেছেন।