ইমপিচমেন্ট প্রস্তাবের তোড়জোড় শুরু হতেই আলোচনা হচ্ছে, এখন বিচারপতি বর্মার একটাই পথ, ইমপিচের সম্ভাবনা এড়াতে নিজে থেকে ইস্তফা দেওয়া ছাড়া কোনও গতি নেই।

বিচারপতি বর্মা
শেষ আপডেট: 8 June 2025 17:31
দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিচারব্যবস্থার ইতিহাসে যেন এক বিতর্কিত অধ্যায় রচনা হতে চলেছে। বাড়ি থেকে হিসাব বহির্ভূত বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনার জেরে বিচারপতি যশবন্ত বর্মাকে (Justice Varma) ইমপিচ করার পথে এগোচ্ছে নরেন্দ্র মোদী সরকার। ইমপিচমেন্ট প্রস্তাবের (impeachment) তোড়জোড় শুরু হতেই আলোচনা হচ্ছে, এখন বিচারপতি বর্মার একটাই পথ, ইমপিচের সম্ভাবনা এড়াতে নিজে থেকে ইস্তফা দেওয়া ছাড়া কোনও গতি নেই।
এক সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, সংসদের যে কোনও কক্ষে সাংসদদের সামনে নিজের যুক্তি খাড়া করার সময় বিচারপতি নিজের ইস্তফার কথা ঘোষণা করতে পারেন, যদি তিনি চান। এ ক্ষেত্রে তাঁর মৌখিক বিবৃতিই ইস্তফা হিসাবে বিবেচিত হবে। এতে তিনি অবসরপ্রাপ্ত বিচারপতি হিসেবে পেনশন ও অন্যান্য সুবিধা পাবেন। আর তা যদি না করেন, তাহলে বঞ্চিত হতে হবে সব ভিডিও থেকে।
গত ১৪ মার্চ, বিচারপতি বর্মার লুটিয়েন দিল্লির সরকারি বাসভবনে সন্ধ্যা নাগাদ আগুন লাগে। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তদন্ত করতে গিয়েই তাঁরা বাড়ির ভেতর একাধিক ব্যাগে রাখা প্রায় ২.৫ কোটি টাকা মূল্যের নগদ অর্থ উদ্ধার করেন বলে জানা যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিচার বিভাগের অভ্যন্তরে।
এই অস্বাভাবিক ঘটনার পর ২২ মার্চ তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না একটি তিন সদস্যের অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেন। কমিটিতে ছিলেন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি জি এস সন্দাওয়ালিয়া এবং কর্নাটক হাইকোর্টের বিচারপতি অনু শিবরামন।
তদন্তে একাধিক সাক্ষ্য ও প্রমাণ বিশ্লেষণ করে ৩ মে কমিটি একটি রিপোর্ট জমা দেয়, যেখানে অভিযোগগুলিকে “বিশ্বাসযোগ্য” বলে উল্লেখ করা হয়। এরপর প্রধান বিচারপতি সেই রিপোর্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠিয়ে ইমপিচমেন্ট তথা অভিশংসনের সুপারিশ করেন।
বিচারপতি বর্মাকে পদত্যাগ করতে বলা হলেও তিনি তা মানেননি। বরং ২০ মার্চ তাঁকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয় এবং ৫ এপ্রিল তিনি নতুন দায়িত্বে শপথ নেন। তবে এখনও পর্যন্ত তাঁকে কোনও বিচারের কাজ দেওয়া হয়নি।
রাষ্ট্রপতি এই মুহূর্তে সেই রিপোর্ট রাজ্যসভার চেয়ারম্যান এবং লোকসভার স্পিকারের কাছে পাঠিয়ে দিয়েছেন। সূত্র অনুযায়ী, সরকার এবার বর্ষাকালীন অধিবেশনে অভিশংসন তথা ইমপিচমেন্টের প্রস্তাব আনবে। তার আগে বিচারপতি বর্মা মৌখিক বিবৃতি দিয়ে ইস্তফা দেবেন কিনা, সেটাই এখন দেখার।