শনিবার সকালে এক পথচারী তাঁকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনিই খবর দেন পুলিশে।

ছবি - সংগৃহীত
শেষ আপডেট: 23 June 2025 16:10
দ্য ওয়াল ব্যুরো: মানবিকতার সীমা ছাড়ানো এক ঘটনায় স্তম্ভিত মুম্বইবাসী (Mumbai)। শহরের আারে কলোনিতে রাস্তার ধারে আবর্জনার স্তূপের (Garbage) মধ্যে পড়ে থাকতে দেখা গেল ৬০ বছরের এক বৃদ্ধাকে। তাঁর শরীর ভীষণই দুর্বল, অবস্থাও সংকটজনক। জানা গেছে, তিনি ক্যানসারে আক্রান্ত (Cancer patient)। তাঁর অভিযোগ, নিজের নাতিই এই অবস্থায় তাঁকে ফেলে রেখে গেছে।
বৃদ্ধার নাম যশোদা গায়কোয়াড়। শনিবার সকালে এক পথচারী তাঁকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনিই খবর দেন পুলিশে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে মুম্বইয়ের আরে কলোনির কাছে রাস্তার ধারে আবর্জনার মধ্যে থেকে অশক্ত অবস্থায় যশোদাদেবীকে উদ্ধার করা হয়।
পুলিশের সঙ্গে প্রাথমিক কথোপকথনে ওই বৃদ্ধা জানান, তাঁর নাতিই তাঁকে এখানে ফেলে রেখে গেছে। ওই সময় তিনি অত্যন্ত দুর্বল অবস্থায় ছিলেন, কথা বলতেও কষ্ট হচ্ছিল।
যদিও সকালেই তাঁকে উদ্ধার করা হয়, কিন্তু তাঁর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় একের পর এক হাসপাতাল তাঁকে ভর্তি নিতে অস্বীকার করে। শেষে সন্ধ্যা ৫:৩০টা নাগাদ তাঁকে কুপার হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়।
পুলিশ জানিয়েছে, যশোদাদেবী ত্বকের ক্যানসারে আক্রান্ত এবং দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন। তিনি পুলিশকে দু’টি ঠিকানা দিয়েছেন- একটি মালাড, অন্যটি কান্দিভলির। পুলিশ ওই দুই এলাকায় তাঁর পরিবারের সন্ধান করছে। ইতিমধ্যেই তাঁর ছবি শহরের বিভিন্ন থানায় পাঠানো হয়েছে আত্মীয়দের শনাক্ত করার জন্য।
পুলিশ সূত্রের মতে, ‘এমন অমানবিক ঘটনা কেন ঘটল, কেন একজন নাতি নিজের অসুস্থ ঠাকুমাকে নির্মমভাবে আবর্জনায় ফেলে দিয়ে গেল — তা এখনও পরিষ্কার নয়। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি।’
প্রকাশ্যে আসার পর এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের ঝড় উঠেছে।