
কানাডার গুপ্তচর সংস্থার ডেপুটি ডিরেক্টর ভ্যানেসা লয়েড ও নবনিযুক্ত প্রধানমন্ত্রী মার্ক কার্নে।
শেষ আপডেট: 25 March 2025 12:11
দ্য ওয়াল ব্যুরো: কানাডার সাধারণ নির্বাচনে ভারত নাক গলাতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করেছে সেদেশের চর সংস্থা। সোমবার কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস (CSIS) জানায়, আগামী ২৮ এপ্রিল হতে চলা কানাডার ভোটে অলক্ষ্যে প্রভাব খাটাতে চলেছে ভারত এবং চিন। শুধু এই দুই দেশই নয়, রাশিয়া ও পাকিস্তানেরও এই কাজ করার সম্ভাবনা রয়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে।
খলিস্তানি জঙ্গিদের কানাডার মাটিতে আশ্রয় ও প্রশ্রয় দেওয়ার বিতর্কে বছর দুই ধরে ওটাওয়ার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক কটু হয়েছে। বিশেষত খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনে ভারতের যোগাযোগ আছে বলে অভিযোগ তোলার পর থেকে কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত তলানিতে পৌঁছেছে। যদিও ভারত ও চিন দুদেশই এই অভিযোগ ও সম্ভাবনার কথা নস্যাৎ করে দিয়েছে।
কানাডার গুপ্তচর সংস্থার ডেপুটি ডিরেক্টর ভ্যানেসা লয়েড বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে কিছু দেশের সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্য নিতে পারে। তিনি নাম করে বলেন, পিপলস রিপাবলিক অফ চায়না (PRC) এআই প্রযুক্তি প্রয়োগ করে কানাডার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাক গলাতে পারে। তিনি আরও বলেন, আমরা দেখতে পেয়েছি ভারত সরকারও মনে মনে ফন্দি এঁটে রেখে দিয়েছে যাতে কানাডার ভারতীয়দের মধ্যে প্রভাব খাটাতে পারে। উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল কানাডার নবনিযুক্ত প্রধানমন্ত্রী মার্ক কার্নে আচমকা ভোটের ডাক দিয়েছেন।