বিতর্ক বাঁধে তামিলনাড়ুর রাজ্যপাল কেএন রবি রাজ্যের ডিএমকে সরকারের বিধানসভায় পাশ করানো ১২টি বিল আটকে দেওয়ায়।

ফাইল ছবি
শেষ আপডেট: 21 August 2025 09:48
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিল সম্পর্কে সিদ্ধান্ত নিতে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের তিন মাস সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত রাষ্ট্রপতিকেও কাজের সীমা বেঁধে দিতে পারে কিনা সে ব্যাপারে সুপ্রিম কোর্টের কাছেই ব্যাখ্যা চেয়েছে রাষ্ট্রপতি ভবন। সেই মামলায় প্রধান বি আর গাভাই প্রশ্ন তুলেছেন, রাজ্যপালেরা কি নির্বাচিত রাজ্য সরকারের উপরে অবস্থান করেন? নির্বাচিত সরকার কি রাজ্যপালদের মর্জি মাফিক চলতে বাধ্য।
কেন্দ্রের সলিসিটর জেনারেল তুযার মেহতাকে প্রধান বিচারপতি আরও বলেছেন রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে একজন রাজ্যপাল কতদিন সময় পেতে পারেন? এই বিষয়ে কেন্দ্রের অবস্থান কী?
প্রসঙ্গত, বর্তমানে এই ব্যাপারে কোনও সময়সীমা বেঁধে দেওয়া নেই। এ নিয়ে বিতর্ক বাঁধে তামিলনাড়ুর রাজ্যপাল কেএন রবি রাজ্যের ডিএমকে সরকারের বিধানসভায় পাশ করানো ১২টি বিল আটকে দেওয়ায়। এরমধ্যে কয়েকটি বিল রাজ্যপাল রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠান। রাষ্ট্রপতি ভবনও বিলগুলি নিয়ে।কোনও সিদ্ধান্ত নেয়নি। তামিলনাড়ু সরকারের অভিযোগ এইভাবে রাজ্যপাল রাজ্য সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
রাষ্ট্রপতি ভবন ১২টি প্রশ্ন পাঠিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে রাষ্ট্রপতির কাজের সময়সীমা বেঁধে দেওয়ার এক্তিয়ার নিয়ে ব্যাখ্যা চায় গতমাসে। প্রধান বিচারপতি গাভাই তাঁর নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠন করেছেন রাষ্ট্রপতির প্রশ্নের জবাব দিতে।
প্রধান বিচারপতির মন্তব্যের জবাবে সলিসিটর জেনারেল মেহতা বলেন, রাজ্যপালেরা অনির্বাচিত বলেই রাজ্য সরকারের ইচ্ছাপূরণে বাধ্য নন। সলিসিটর জেনারেলের বক্তব্য, রাজ্যপালদের কর্তব্য হল বিলগুলি খতিয়ে দেখা। বিশেষ করে কেন্দ্রের কোনও আইনের সঙ্গে বিলটি সাংঘর্ষিক কিনা তা খতিয়ে দেখা তাঁদের কর্তব্যের মধ্যে পড়ে। এই মামলার শুনানি চলবে।