মৃত্যুর আগের এক ভিডিওতে তাঁর অভিযোগ, ওই সংস্থায় বিনিয়োগ করা এক সিনিয়র পুলিশ অফিসার টাকা ফেরত চাইতে গিয়ে তাঁর পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন।

ব্যবসায়ী রাজদীপ সিং এবং অভিযুক্ত পুলিশ অফিসার
শেষ আপডেট: 11 September 2025 18:08
দ্য ওয়াল ব্যুরো: চাঞ্চল্যকর এক আত্মহত্যার ঘটনায় যেন থমকে গিয়েছে পাঞ্জাবের মোহালি। ৪৫ বছরের ব্যবসায়ী রাজদীপ সিং একটি এইচডিএফসি ব্যাংক শাখার টয়লেটে গিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি একটি ইমিগ্রেশন ব্যবসা চালাতেন এবং সম্প্রতি আর্থিক সঙ্কটে ভুগছিলেন। মৃত্যুর আগে রেকর্ড করা এক ভিডিওতে তিনি অভিযোগ করেছেন, তাঁর সংস্থায় বিনিয়োগ করা এক সিনিয়র পুলিশ অফিসার টাকা ফেরত চাইতে গিয়ে তাঁর পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন।
এই ঘটনায় ওই পুলিশ অফিসার-সহ পাঁচজনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
রাজদীপ সিং মূলত মোগার বাসিন্দা হলেও মোহালির সেক্টর ৮০-তে ভাড়া বাড়িতে থাকতেন। রেখে যাওয়া সুইসাইড নোটে তিনি পাঞ্জাব পুলিশের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল গুরজোত সিং কালের এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ঋষি রানার বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন।
রাজদীপের বাবা পরমজিৎ সিং পুলিশের কাছে জানান, মঙ্গলবার ঋষি রানা এবং আরও একজন তাঁদের বাড়ি থেকে রাজদীপকে নিয়ে যায়। তিনি বলেন, “ওরা আমার ছেলেকে গুরজোত সিং কালেরের বাড়িতে নিয়ে গিয়ে অপমান করে, ভিডিও তোলে এবং এইচডিএফসি ব্যাংক থেকে ঋণ অনুমোদন করানোর জন্য জোর করতে থাকে। আরও টাকা চায়। এরপর জোর করে তাকে ব্যাংকে নিয়ে যায়।”
ব্যাংকে গিয়ে রাজদীপ টয়লেটে ঢুকে নিজের কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানোর আগে একটি ভিডিও রেকর্ড করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আমি কোনও ভুল করিনি। আমি কোথা থেকে টাকা দেব? তোমরা আমাকে অনেক কষ্ট দিয়েছ। আমি আত্মহত্যা করব। ঠিক আছে, বাই।”
এফআইআরে বলা হয়েছে, মৃত্যুর আগে রাজদীপ তাঁর স্ত্রী ছবিকে একটি বার্তা পাঠান এবং জানান যে তিনি স্থানীয় একটি দুধের দোকানে তাঁর জন্য কিছু রেখে গেছেন। পরে তাঁর স্ত্রী সেখানে গিয়ে তাঁর সুইসাইড নোটটি খুঁজে পান।
সুইসাইড নোটে রাজদীপ পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং লিখেছেন যে তাঁর “কোনও উপায় ছিল না”।
পুলিশের দায়ের করা মামলায় গুরজোত সিং কালের, ঋষি রানা ছাড়াও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও রিয়েল এস্টেট ব্যবসায়ী সুনীল আগরওয়াল, ক্যাটারার রিঙ্কু কৃষ্ণ এবং ফেরোজপুরের সাইনা অরোরার নাম রয়েছে। নোটে রাজদীপ উল্লেখ করেছেন, তাঁর ব্যবসায়ী অংশীদার রিঙ্কু ও সাইনা প্রায় ৪০ লক্ষ টাকা ফেরত দেননি।
ঘটনাটি পাঞ্জাব জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।