আগামী ১ ফেব্রুয়ারি পেশ হবে বাজেট (Budget on 1 February)। প্রথম দফা অধিবেশন চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় দফা হবে ৯ মার্চ থেকে ২ এপ্রিল।

ফাইল ছবি
শেষ আপডেট: 28 January 2026 08:40
দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন (Budget Session 2026)। একাধিক ইস্যুতে বিরোধীরা কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করার লক্ষ্যে প্রস্তুত। সেই আঁচ পাওয়া যায় মঙ্গলবার সর্বদলীয় বৈঠকেই। গতকাল সংসদ ভবনে আয়োজিত বৈঠকে বাংলার শাসক দল তৃণমূল (TMC) স্পষ্ট জানিয়ে দেয়, বাজেট অধিবেশনে (Budget Session 2026) তাঁরা এসআইআর (SIR) এবং মনরেগা (MGNREGA) ইস্যুতে প্রশ্ন তুলবেন।
মঙ্গলবার সংসদ ভবনের কমিটি রুমে সর্বদল বৈঠক আয়োজন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence minister Rajnath Singh)। উপস্থিত ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju) এবং বিভিন্ন দলের সাংসদরা। তৃণমূলের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন লোকসভায় উপদলনেতা শতাব্দী রায় এবং রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। বৈঠকে বিরোধী শিবির একের পর এক অভিযোগ তুলতে থাকে সরকারের বিরুদ্ধে।
সাগরিকা ঘোষ পরে এক্স-এ (সাবেক টুইটার) লিখে জানান, তৃণমূল এসআইআর (SIR) প্রক্রিয়া, বাংলার বকেয়া অর্থ, ভোটের মুখে কেন্দ্রীয় তদন্ত সংস্থার অপব্যবহার এবং বিরোধীদের বক্তব্য রাখার সুযোগ- এই সব বিষয় নিয়ে আলোচনার দাবি জানিয়েছে। তিনি লেখেন, “সংসদ একমুখী রাস্তা নয়। এটি সরকারের বিজ্ঞপ্তি মঞ্চ নয়।”
বিরোধীদের অন্য সদস্যরাও একই সুরে সরব হন। কংগ্রেস (Congress) সাংসদ প্রমোদ তিওয়ারি বলেন, “সংবিধান যে অধিকার দিয়েছে, সরকার তা কেড়ে নিচ্ছে। সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করা হচ্ছে।” আইইউএমএল সাংসদ ইটি মহম্মদ বশীর দাবি করেন, “সংসদ আজ পরিহাসের জায়গা হয়ে গিয়েছে। এসআইআর নিয়ে আলোচনার দাবি আমি তুলেছি।” আপ নেতা সঞ্জয় সিং জানিয়ে দেন, তিনিও এসআইআর নিয়ে আলোচনা চান।
তবে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন, এসআইআর বা রাজনৈতিকভাবে সংবেদনশীল অন্য কোনও ইস্যু নিয়ে নতুন করে আলোচনা হবে না। তাঁর কথায়, “গত অধিবেশনে নির্বাচনী সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই বিতর্কে এসআইআর প্রসঙ্গেও কথা হয়েছিল। আবার এই দাবি তোলা অযৌক্তিক।”
এদিকে, আগামী ১ ফেব্রুয়ারি পেশ হবে বাজেট (Budget on 1 February)। প্রথম দফা অধিবেশন চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় দফা হবে ৯ মার্চ থেকে ২ এপ্রিল। অধিবেশনে বিরোধীদের কৌশল ঠিক করতে বুধবার সকালেই বিভিন্ন বিরোধী দলের নেতারা রাজ্যসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়্গের দফতরে বৈঠকে বসবেন।
এদিকে, আজই দিল্লি সফরে যাওয়ার কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাজেট অধিবেশন (Budget Session) চলাকালীন তাঁর এই কর্মসূচি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অধিবেশন চলাকালীন সরকারের কাছে কী কী প্রশ্ন করতে হবে, দলের সাংসদদের সেই রণকৌশল বেঁধে দিতে পারেন তিনি। ফলে দিল্লিতে তৃণমূলের সুপ্রিমোর উপস্থিতিতে সংসদের দুই কক্ষেই আলোচনার ঝাঁঝ বাড়তে পারে তৃণমূলের।