
প্রতীকী ছবি
শেষ আপডেট: 1 February 2025 16:10
দ্য ওয়াল ব্যুরো: বাজেটে আয়কর ছাড় নিয়ে বিরাট ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে তার সঙ্গে জীবনদায়ী ওষুধের শুল্কেও ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। সেই অনুযায়ী ওষুধের দাম তো কমবে, তার পাশাপাশি আরও একাধিক জিনিসের দাম হ্রাস পাবে। সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় অনেক জিনিসের দামে প্রভাব না পড়লেও একাধিক গুরুত্বপূর্ণ জিনিসের দাম কমছে বাজেট ঘোষণার পর।
বিগত কয়েক বছরে ওষুধের দাম নিয়ে চিন্তা বেড়েছে সাধারণ মানুষের। কারণ কয়েক মাস অন্তর দাম বৃদ্ধি হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ওষুধের। এই বাজেটে ক্যানসার সহ দুরারোগ্য ৩৬টি ওষুধের দামে শুল্ক ছাড়ের কথা ঘোষণা করেছে কেন্দ্র। এছাড়া ৬টি জীবনদায়ী ওষুধে ৫ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার। এতএব ওষুধের দাম তো কমছে। একই সঙ্গে আরও একাধিক জিনিস সস্তা হচ্ছে।
কোন কোন জিনিসের দাম কমল
মোবাইল
মোবাইল চার্জার
জীবনদায়ী মিনারেলস
ক্যানসারের ওষুধ
টেলিকম সরঞ্জাম
জুয়েলারি
ইলেকট্রনিক খেলনা
ইভি ব্যাটারি
বরফজাত মাছ
চামড়ার জিনিস
দেশে তৈরি কাপড়।
কোন কোন জিনিসের দাম বাড়ল
স্মার্ট মিটার
বিদেশ থেকে আমদানি করা জুতো
বিদেশি আলো
সোলার সেল
বিদেশ থেকে আনা জলযান
বিদেশি থেকে আনা এলইডি টিভি
আয়কর ছাড় থেকে শুরু করে ওষুধের শুল্কে ছাড়, বিমা থেকে শুরু করে বিমানবন্দর, প্রবীণ নাগরিকদের সুবিধা থেকে নারীশক্তি, যুবসমাজ... সবক্ষেত্রে এই বাজেট নজর দিয়েছে বলেই বাজেট ঘোষণার পর দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, 'ভারত বিকাশের দিকে আরও একধাপ এগোল। ১৪০ কোটি ভারতীয়র আশা-আকাঙ্খার বাজেট ছিল এটা। প্রত্যেক ভারতীয়র স্বপ্ন পূরণ হবে এই বাজেটে।' মোদী এও বলছেন, বিকশিত ভারতের যে লক্ষ্য নেওয়া হয়েছে তারও গতি বাড়িয়ে দেবে শনিবারের ঘোষণা।