খেলনা পিস্তল হাতে রাজধানীর সোনার দোকানে ঢুকে ডাকাতি করল সীমান্তরক্ষী বাহিনীর (BSF) এক জওয়ান! অবাক করা এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লির শাহদারা জেলায়।

ফাইল চিত্র
শেষ আপডেট: 24 July 2025 13:35
দ্য ওয়াল ব্যুরো: খেলনা পিস্তল হাতে রাজধানীর সোনার দোকানে ঢুকে ডাকাতি করল সীমান্তরক্ষী বাহিনীর (BSF) এক জওয়ান! অবাক করা এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লির শাহদারা জেলায়।
ঘটনাটি ঘটেছে ১৯ জুন, ছোটা বাজার, ফর্শবাজারে। এক PCR কলে পুলিশ জানতে পারে, এক ব্যক্তি একটি সোনার দোকানে ঢুকে পিস্তল দেখিয়ে দোকানদারকে ভয় দেখিয়ে লুট করেছে চারটি সোনার ব্রেসলেট। তারপর হেঁটেই চম্পট দেয় সে।
পুলিশ গোটা ঘটনার তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পালানোর রুট চিহ্নিত করে তদন্তকারীরা। এরপরই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য—এই ডাকাত আসলে BSF-এর কর্মরত কনস্টেবল!
ধৃতের নাম গৌরব যাদব। মধ্যপ্রদেশের শিবপুরির বাসিন্দা। তাকে সেখানেই গ্রেফতার করে দিল্লি পুলিশ। বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ডাকাতির সোনার গয়নার মধ্যে দুটি ব্রেসলেট। জেরায় গৌরব স্বীকার করেছে, সেই সোনার দোকানে ডাকাতি করেছিল।
জানা গিয়েছে, ২০২৩ সালে BSF-এ যোগ দিয়েছিল গৌরব। চলতি বছরের মে মাসে প্রশিক্ষণ শেষ করে পঞ্জাবের ফাজিলকায় পোস্টিং হয়েছিল। সেখানে থাকতেই সে জড়িয়ে পড়ে অনলাইন জুয়া খেলার নেশায়। তাতে প্রচুর টাকা হারায়। আর সেই ক্ষতি পূরণ করতেই সে ডাকাতির পথ বেছে নেয়।
১৮ জুন ছুটি পেয়ে দিল্লিতে ট্রেন বদল করার সময় এক দোকান থেকে খেলনার পিস্তল কিনে নেয় সে। তারপর ছোটা বাজারে ঢুকে ওই লুটপাট চালায়। ডাকাতির পরে সে মেরঠ, লক্ষ্ণৌ হয়ে পৌঁছে যায় নিজের বাড়ি শিবপুরিতে। চারটি ব্রেসলেটের মধ্যে দুটি ইতিমধ্যেই বিক্রি করে ফেলেছে গৌরব। সেখান থেকে ২ লক্ষ টাকা পেয়ে ব্যাংকে জমাও দিয়েছে। সেই ট্রানজ্যাকশন ইতিমধ্যেই শনাক্ত করেছে পুলিশ। তদন্ত চলছে।