.jpeg)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 15 November 2024 15:40
দ্য ওয়াল ব্যুরো: নাবালিকা স্ত্রীর সম্মতি থাকলেও তার সঙ্গে যৌনকর্মে লিপ্ত হওয়া ধর্ষণ। নির্দেশ দিল বোম্বে হাইকোর্ট। আইন অনুসারে এহেন কাজের আত্মপক্ষ সমর্থনকে গ্রাহ্য করা যায় না। বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ একটি মামলার শুনানিতে এই আদেশ দেয়। এক স্ত্রী তাঁর স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। যার পরিপ্রেক্ষিতে নিম্ন আদালত ওই ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দেয়। সেই রায় বহাল রেখেছে হাইকোর্টের বেঞ্চ।
বিচারপতি জিএ সানাপ বলেন, ১৮ বছরের ঊর্ধ্বেই কেবলমাত্র কোনও স্ত্রীর সঙ্গে যৌনকর্মে লিপ্ত হওয়া যায়। তার আগে স্ত্রীয়ের সম্মতির উপর কিছু নির্ভর করে না। বলা ভালো যে, ১৮ বছরের নীচে কোনও নাবালিকার সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হওয়াকে ধর্ষণ বলে। তা সে বিবাহিত হোক বা না হোক।
হাইকোর্ট জোর দিয়ে আরও বলে, সম্মতিতে যৌন মিলন হয়েছে বলে আত্মপক্ষ সমর্থনের জায়গা নেই। স্ত্রী বা কোনও মেয়ে যতক্ষণ না ১৮ বছরের ঊর্ধ্বে বয়স হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা ধর্ষণ বলেই বিবেচিত হবে। উল্লেখ্য, একটি নিম্ন আদালত স্ত্রীর অভিযোগ প্রমাণ সাপেক্ষে ওই ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল। তাও বহাল থাকে হাইকোর্টে।
অভিযোগ ছিল, ওই ব্যক্তি জোর করে এক নাবালিকার সঙ্গে যৌন মিলন করে। তার ভিত্তিতে ওই মহিলা জানান, তাঁর আপত্তি সত্ত্বেও এই কাজের কারণে তিনি অন্তঃসত্তা হয়ে পড়েন। পরে ওই ব্যক্তি তাঁকে বিবাহ করেন। বিয়ের পরেও তাঁদের দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো ছিল না। ওই মহিলা পুলিশ অভিযোগ দায়ের করেন।