এই ঘটনা নতুন নয়। গত সোমবার রাজধানীর অন্তত ৩২টি স্কুলে বোমা হুমকি আসে (Bomb threats to Delhi schools)। ওই ঘটনায় নিরাপত্তার কারণে অভিভাবকরা ছুটে গিয়ে স্কুল থেকে সন্তানদের ফিরিয়ে নিয়ে যান।

দিল্লির স্কুলে বোমা হামলার হুমকি
শেষ আপডেট: 20 August 2025 09:27
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সাতসকালে দিল্লির অন্তত ৫০টিরও বেশি স্কুলে একসঙ্গে বোমা হামলার হুমকির ই-মেল (Bomb threats to over 50 Delhi schools) আসায় আতঙ্ক ছড়াল রাজধানীজুড়ে। খবর পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঠিক কোন কোন স্কুল এই হুমকি পেয়েছে তা স্পষ্ট হয়নি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মালভিয়া নগর ও নজফগড়ে একটি করে স্কুল এই হুমকির তালিকায় রয়েছে। এই নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বার দিল্লির স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হল।
জানা গেছে, দক্ষিণ দিল্লির হৌজ রানি এলাকায় সর্ভোদয়া কন্যা বিদ্যালয় (SKV)-এও একই ধরনের হুমকি ইমেল পাঠানো হয়েছে। সকালেই সেখানে পৌঁছে যায় বোম্ব স্কোয়াড ও নিরাপত্তারক্ষীরা। চেকিং শুরু হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে।
এই ঘটনা নতুন নয়। গত সোমবার রাজধানীর অন্তত ৩২টি স্কুলে বোমা হুমকি আসে (Bomb threats to Delhi schools)। ওই ঘটনায় নিরাপত্তার কারণে অভিভাবকরা ছুটে গিয়ে স্কুল থেকে সন্তানদের ফিরিয়ে নিয়ে যান। হুমকি পাওয়া স্কুলগুলির মধ্যে ছিল দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস) দ্বারকা, মডার্ন কনভেন্ট স্কুল এবং শ্রীরাম ওয়ার্ল্ড স্কুল। পুলিশ তখন জানিয়েছিল, “সব শিক্ষক ও ছাত্র-ছাত্রীকে নিরাপদে বের করে আনা হয়েছে। তল্লাশি চলছে।”
তদন্তে উঠে আসে, হুমকির ই-মেল (Threat mail) পাঠিয়েছিল একদল সাইবার অপরাধী, নিজেদের পরিচয় দেয় 'দ্য টেররাইজার্স ১১১ গ্রুপ' নামে। শুধু তাই নয়, মেল-এ ৫ হাজার মার্কিন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি দাবি করা হয়। হুমকিদাতারা দাবি করে, তারা স্কুলগুলির আইটি সিস্টেম হ্যাক করেছে এবং ভবনের ভেতরে 'পাইপ বোমা ও উন্নত বিস্ফোরক' বসানো হয়েছে।
এমন ঘটনা রাজধানীতে নতুন নয়। এর আগে গত বছর মে মাসে প্রায় ৩০০ স্কুলে একসঙ্গে বোমা হুমকির ই-মেল আসে। পরে জানা যায়, সবই ভুয়ো। এছাড়া চলতি বছরের জুলাই মাসে টানা তিন দিন ধরে দিল্লির অন্তত আটটি স্কুলে একের পর এক বোমা হুমকি আসে। এমনকি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেনস কলেজেও হুমকি মেল পৌঁছায়, যেখানে চারটি আইইডি এবং দুই প্যাকেট আরডিএক্স রাখা হয়েছে বলে দাবি করা হয়।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। হুমকির উৎস খুঁজে বের করতে সাইবার টিম সক্রিয় হয়েছে।