শুক্রবার সকালে রাজধানীর ২৩টি স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি মেল আসে। পুলিশ ও স্কুল সূত্রে জানা গিয়েছে, খবর পেয়েই গোটা চত্বরে তল্লাশি চলছে। পৌঁছে গিয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াড।

শুক্রবার সকালে দিল্লির একটি স্কুলে তল্লাশি চলছে।
শেষ আপডেট: 18 July 2025 11:16
দ্য ওয়াল ব্যুরো: কিছুকাল চুপ থাকার পর ফের শুরু হয়েছে দিল্লির স্কুলগুলোতে বিস্ফোরণের হুমকি মেল আসা। শুক্রবার সকালে রাজধানীর ২৩টি স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি মেল আসে। পুলিশ ও স্কুল সূত্রে জানা গিয়েছে, খবর পেয়েই গোটা চত্বরে তল্লাশি চলছে। পৌঁছে গিয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াড।
রহস্যজনক ই মেলে লেখা হয়েছে, এই পৃথিবী থেকে আমি তোদের সক্কলকে মুছে দেব। একজনও বেঁচে থাকবে না। এই খবর যখন দেখব তখন আমার খুশির শেষ থাকবে না। আমি আনন্দে হাসতে থাকব। আমি দেখতে চাই বাবা-মায়েরা স্কুলে এসে নিথর, ঠান্ডা হয়ে যাওয়া, ছিন্নভিন্ন দেহ জড়িয়ে ধরে কাঁদছে। ই মেল লেখক আরও লিখেছে, তোদের সকলের শাস্তি পাওয়াই উচিত। আমিও আমার জীবনকে ঘৃণা করি। এই খবর পাওয়ার পরেই আমি নিজেকেও শেষ করে দেব। এ পর্যন্ত বলে সে নিজেই নিজের মানসিক ব্যাধির কথা প্রকাশ করেছে। আমার মতোই তোমাদের সকলের যন্ত্রণা ভোগ দেখতে চাই আমি।
এদিন সকালে সিভিল লাইনসের সেন্ট জেভিয়ার্স, পশ্চিম বিহারের রিচমন্ড গ্লোবাল স্কুল, রোহিনীর অভিনব পাবলিক স্কুল এবং ওই এলাকারই সোভেরেইন স্কুলে বোমা রাখা আছে হুমকি মেল আসে। মেল দেখতে পাওয়া মাত্রই তড়িঘড়ি স্কুলগুলি খালি করে দেওয়া হয়। পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্কুলের নিরাপত্তারক্ষী ও কর্মীরা সকলকে নিরাপদে দূরত্বে সরে যেতে সাহায্য করেন। পুলিশ ও বম্ব স্কোয়াড স্কুল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, গত বুধবার দিল্লির অন্তত ৭টি স্কুলে বোমা রাখা আছে বলে হুমকি এসেছিল। তার আগে সোম, মঙ্গলবারেও একই ঘটনা ঘটেছিল রাজধানীর বুকে।
গত মঙ্গলবার সকালে সেন্ট স্টিফেনস কলেজ নর্থ ক্যাম্পাস ও দ্বারকার সেন্ট টমাস স্কুলে বোমা রাখার হুমকি মেল আসে। দ্রুত তল্লাশি অভিযান চালিয়ে সেন্ট স্টিফেনস কলেজ চত্বর থেকে চারটি দেশী বিস্ফোরক ও ২ প্যাকেট আরডিএক্স উদ্ধার হয়। এগুলি কলেজের লাইব্রেরি সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় রাখা ছিল। পুলিশ কর্তা জানিয়েছিলেন, দুপুর ২টোর সময় বিস্ফোরণের কথা ছিল।
বারবার বোমার হুমকি মেল আসায় বিজেপি সরকারকে এদিন সকালেই তুলোধনা করেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী। তিনি বলেন, ২০টির বেশি স্কুলে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছে আজ! পড়ুয়া, অভিভাবক ও শিক্ষাকর্মীদের মনের ভিতর দিয়ে কী গিয়েছে একবার ভাবুন! দিল্লিতে বিজেপির ৪ ইঞ্জিনের সরকার চলছে। কিন্তু, তারা রাজধানীর বাচ্চাদের ন্যূনতম নিরাপত্তাটুকু দিতে ব্যর্থ!