পরিবারের তরফে জানা যায়, গত ৩০ এপ্রিল বিকেলে বাড়ির বাইরে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় প্রথম শ্রেণির ছাত্র অভয়। রাত বাড়তে থাকলেও ছেলে বাড়ি না ফেরায় দুশ্চিন্তা হয় বাবা-মা'র।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 20 July 2025 11:15
দ্য ওয়াল ব্যুরো: প্রায় আড়াই মাস আগে উত্তরপ্রদেশের আগ্রা থেকে অপহরণ হয়েছিল আট বছরের এক নাবালক (Agra boy found dead in Rajasthan)। শনিবার তার মৃতদেহ উদ্ধার হল রাজস্থানের এক গ্রামে। কবর থেকে খুঁড়ে বের করা হল পচাগলা দেহ। দুই রাজ্যের পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত করছে।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অভয়। সে ছিল আগ্রার বিজয়নগরের বাসিন্দা বিজয় প্রতাপের ছেলে। বিজয় পেশায় একজন পরিবহণ সংস্থার মালিক।
পরিবারের তরফে জানা যায়, গত ৩০ এপ্রিল বিকেলে বাড়ির বাইরে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় প্রথম শ্রেণির ছাত্র অভয়। রাত বাড়তে থাকলেও ছেলে বাড়ি না ফেরায় দুশ্চিন্তা হয় বাবা-মা'র। অনেক খোঁজখুঁজি করেও তার কোনও সন্ধান পাওয়া যায়নি। অভিযোগ দায়ের করা হয় পুলিশে। এর কয়েকদিন পরই পরিবারের কাছে একটি চিঠি আসে। তাতেই জানা যায়, অভয়কে অপহরণ করা হয়েছে।
চিঠিতে মুক্তিপণের দাবিও জানানো হয়। অপহরণকারীরা ৮০ লক্ষ টাকা চেয়েছিল অভয়ের বাবার কাছে।
শনিবার রাজস্থানের ধোলপুর জেলার মানিয়া গ্রামে একটি নির্জন জায়গা থেকে পচাগলা দেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, তাকে খুন করে পুঁতে রাখা হয়েছিল ওই গ্রামে। দেহ উদ্ধারের পরে খবর দেওয়া হয় আগ্রা পুলিশকে (Agra boy found dead in Rajasthan)।
অ্যাগ্রার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ অমরদীপ লাল জানিয়েছেন, 'দেহটির ময়নাতদন্ত করা হয়েছে। এটা স্পষ্ট যে নাবালককে খুন করা হয়েছে। আমরা তদন্তে অনেকটাই এগিয়েছি। খুব শীঘ্রই এই মামলার সমাধান হবে বলে আশা করছি।'
এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে পুলিশ সূত্রে খবর, একাধিক সন্দেহভাজনের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ চলছে।