
শেষ আপডেট: 20 April 2024 12:05
দ্য ওয়াল ব্যুরো: ওড়িশায় মহানদীতে ডুবে গেল যাত্রীবোঝাই নৌকা। এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মহিলা ও শিশু সহ নিঁখোজ সাত জন। চলছে উদ্ধারকাজ।
শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ঝাড়সুগুড়া জেলার রাঙালির সারদা ঘাট এলাকায়। পুলিশ সূত্রের খবর, এদিন বারগড় জেলার পাথারসেনি কুডায় একটি মন্দির দর্শন করে নৌকায় মহানদী পারাপার করছিলেন ৫৮ জন যাত্রী। সেই সময় হঠাৎ নৌকাটি অতিরিক্ত যাত্রী বহনের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। খবর পেয়ে রাতেই দুর্ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। শুরু হয় তল্লাশি অভিযান।
নদীতে উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয় মৎস্যজীবীরা। প্রাথমিকভাবে কয়েক জনকে তাঁরা উদ্ধার করেন। অনেকে সাঁতার করে পারে ওঠেন। তবে ডুবে মৃত্যু হয় চার জনের। মৃতদের দেহ উদ্ধার করেছে পুলিশ। এখনও পর্যন্ত সাত জনের খোঁজ মেলেনি। জলের স্রোতে তাঁরা ভেসে গিয়েছেন বলে উদ্ধারকারীদের অনুমান।
শুক্রবার রাতের পর শনিবার সকাল থেকেও ফের নদীতে শুরু হয়েছে তল্লাশি। এলাকার কালেক্টর কার্তিকেয় গোয়েল জানিয়েছেন, "ওড়িশার ব়্যাপিড অ্যাকশন ফোর্স আপাতত তল্লাশি অভিযান চালাচ্ছে। ভুবনেশ্বর থেকে স্কুবা ডাইভাররা আসবেন বলে খবর পেয়েছি। এখনও পর্যন্ত ৪৭-৪৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের নিজেদের গ্রামে পাঠানো হচ্ছে।"
মর্মান্তিক দুঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেছেন তিনি।