গগনপ্রীতের আইনজীবীরা আদালতে জানান, তিনি দুই নাবালিকার মা, এর আগে কখনও কোনও অপরাধে জড়াননি এবং দুর্ঘটনায় তাঁর নিজের মাথায়ও চোট লেগেছে।

নবজ্যোত সিং এবং তাঁর স্ত্রী, (ডানদিকে) অভিযুক্ত গগনপ্রীত কৌর
শেষ আপডেট: 16 September 2025 16:43
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির রিং রোডের কাছে ঘটে যাওয়া ভয়াবহ বিএমডব্লিউ (Delhi BMW accident) দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অর্থ মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি নবজ্যোত সিং (Navjot Singh)। এই মামলায় অভিযুক্ত গগনপ্রীত কৌর (Gaganpreet Kaur) এবার জামিনের আবেদন (bail plea) করলেন। তাঁর দাবি, পুরো ঘটনাই ছিল ‘সম্পূর্ণ দুর্ঘটনাবশত’ (accidental) এবং একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত (unintentional) নয়।
গগনপ্রীতের আইনজীবীরা আদালতে জানান, তিনি দুই নাবালিকার মা, এর আগে কখনও কোনও অপরাধে জড়াননি এবং দুর্ঘটনায় তাঁর নিজের মাথায়ও চোট লেগেছে।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ৪৮০ ধারায় দাখিল করা এই জামিন আবেদনে বলা হয়েছে, গগনপ্রীতের ক্ষেত্রে কাস্টডিয়াল ইন্টারোগেশন একেবারেই প্রয়োজন নেই। তিনি তদন্তে পুরোপুরি সহযোগিতা করেছেন, যে সমাজে তিনি বাস করেন তার সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছেন এবং পালিয়ে যাওয়ার কিংবা প্রমাণ নষ্ট করার ঝুঁকি তাঁর ক্ষেত্রে নেই।
সোমবার দিল্লি পুলিশের পক্ষ থেকে তাঁকে বিচারকের বাসভবনে হাজির করা হলে, ডিউটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকাঙ্ক্ষা সিং তাঁকে দুই দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে আদালত জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, গগনপ্রীতের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে।
আদালত তাঁর জামিন আবেদনের নোটিস জারি করে শুনানির দিন ধার্য করেছে ১৭ সেপ্টেম্বর। সেদিন পর্যন্ত তিনি বিচারবিভাগীয় হেফাজতেই থাকবেন।
গগনপ্রীত কৌরের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ পাহওয়া এবং অ্যাডভোকেট প্রভভ রাল্লি পুলিশি রিমান্ডের বিরোধিতা করেন। তাঁদের যুক্তি, মামলার এফআইআর নথিভুক্ত করতে পুলিশের ১০ ঘণ্টা দেরি হয়েছে। অপর দিকে, ভুক্তভোগীর পক্ষের প্রতিনিধিত্ব করেছেন অ্যাডভোকেট ঈশান দেওয়ান।
পুলিশ অভিযোগ এনেছে, গগনপ্রীতের চালানো বিএমডব্লিউ গাড়িটি প্রথমে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। তার ফলেই একটি ঘটনা ঘটে, ভুক্তভোগী নবজ্যোত সিংয়ের মোটরসাইকেল ধাক্কা খায় একটি ডিটিসি বাসে।
দুর্ঘটনায় গগনপ্রীত, তাঁর পরিবারের সদস্য এবং মোটরসাইকেল আরোহী অর্থাৎ নবজ্যোতের স্ত্রী গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই ১৫ সেপ্টেম্বর গগনপ্রীতকে গ্রেফতার করা হয়।
পুলিশ মামলায় ‘অপরাধমূলক হত্যাকাণ্ড কিন্তু খুন নয়’-এর মতো গুরুতর ধারা সহ অন্যান্য অভিযোগ এনেছে।