দুই বেসরকারি সংবাদ মাধ্যমের নাম উল্লেখ করে নাইডু কয়েকজন সাংবাদিকের কড়া সমালোচনা করেন। তাঁর দাবি ওই দুই সংস্থার রিপোর্টগুলিতে ইঙ্গিত দেওয়া হয়েছিল, পাইলটের ভুলেই দুর্ঘটনা ঘটেছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 20 July 2025 18:31
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার দায় পাইলটের ঘাড়ে চাপাতে চাইছে পশ্চিমী মিডিয়া, রবিবার ফের অভিযোগ তুললেন কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু। তিনি স্পষ্ট জানালেন, এএআইবি-র (Air Accidents Investigation Branch) উপরে ভরসা রাখছেন। ভারতেই সফলভাবে ডেটা ডিকোড করা হয়েছে। আর এটা একটা বিরাট সাফল্য দেশের জন্য।
দুই বেসরকারি সংবাদ মাধ্যমের নাম উল্লেখ করে নাইডু কয়েকজন সাংবাদিকের কড়া সমালোচনা করেন। তাঁর দাবি ওই দুই সংস্থার রিপোর্টগুলিতে ইঙ্গিত দেওয়া হয়েছিল, পাইলটের ভুলেই দুর্ঘটনা ঘটেছে। মন্ত্রী বলেন, 'এএআইবি ইতিমধ্যেই সমস্তকে অনুরোধ জানিয়েছে, বিশেষ করে পশ্চিমী মিডিয়াকে, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের রিপোর্ট প্রকাশ করছে। ভেবে রিপোর্ট প্রকাশ করতে।'
হুঁশিয়ারি দিয়ে জানান, চূড়ান্ত রিপোর্ট প্রকাশের আগে কোনও অনুমান বা তত্ত্ব ছড়ানো উচিত নয়। 'চূড়ান্ত রিপোর্ট না-আসা পর্যন্ত কিছু বলা ঠিক নয়। আমাদের সতর্ক থাকতে হবে। যতক্ষণ না পুরো রিপোর্ট সামনে আসছে, কিছু বলার অর্থ নেই,' যোগ করেন নাইডু।
মন্ত্রীর দাবি, 'আমরা কেবল রিপোর্টেই বিশ্বাস করি। যেটা রিপোর্টে লেখা থাকবে, সেটাই চূড়ান্ত সত্যি। এখন শুধু প্রাথমিক রিপোর্ট এসেছে। আরও প্রচুর তথ্য মিলিয়ে দেখতে হবে। তাই তদন্তকারীদের সময় দিতে হবে।' এই প্রসঙ্গে ওঠে ভারতের অগ্রগতির কথা। আগে ব্ল্যাক বক্সের ডেটা বিশ্লেষণ করতে বিদেশে পাঠাতে হত। এবার প্রথমবার ডেটা ভারতে ডিকোড হয়েছে। এটা দেশের কাছে বড় অর্জন বলে মনে করছে তিনি।
প্রাথমিক তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দুর্ঘটনার সময় ককপিটে থাকা দুই পাইলটের মধ্যে কথোপকথন ধরা পড়ে। এক পাইলট প্রশ্ন করেন, 'তুমি ফুয়েল কেটে দিলে কেন?' অন্য পাইলট জবাব দেন, 'আমি তো কিছু করিনি।' তবে রিপোর্টে এখনও স্পষ্ট করে বলা হয়নি, ইচ্ছাকৃতভাবে জ্বালানি সরবরাহ বন্ধ করা হয়েছিল কি না।
এক বেসরকারি সংস্থা প্রাক্তন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সম্প্রতি দাবি করে, জ্বালানি সরবরাহ ‘ইচ্ছাকৃতভাবে’ কেটেছিলেন সিনিয়র পাইলট। এর রীতিমতো বিরোধিতা করেন কেন্দ্রীয় মন্ত্রী। এমন ভিত্তিহীন অভিযোগ যাঁরা তুলছেন তাঁদের দায়িত্ব-জ্ঞানহীন বলেও উল্লেখ করেন শেষে।