অপারেশন সিঁদুর শেষ হওয়ার পর থেকেই রাহুল ভারতের প্রতিরক্ষা বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন তোলেন।

শেষ আপডেট: 4 June 2025 08:05
দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্য দাবি এবং সংঘর্ষ বিরতি নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে বিজেপির বিরোধ ক্রমশ চওড়া হচ্ছে। বিজেপির জাতীয় মুখপাত্র শম্বিৎ পাত্র (Sambit Patra, BJP MP and Spokesperson) লোকসভার দলনেতা তথা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুলকে পাকিস্তান (Pakistan), চিনের (China) পেড এজেন্ট (Paid agent) বা বেতনভুক চর বলে আক্রমণ করেছেন। বিজেপি মুখপাত্রের দাবি, রাহুল কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে গিয়ে ভারত মাতার অবমাননা করছেন। তিনি যা বলছেন, তাতে দেশের সম্মান ভূলুণ্ঠিত হচ্ছে।
অপারেশন সিঁদুর শেষ হওয়ার পর থেকেই রাহুল ভারতের প্রতিরক্ষা বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, এই সংক্রান্ত তথ্য লুকনো হচ্ছে। পাক হামলায় ভারতের সেনার কতটা ক্ষতি হয়েছে তা জানার অধিকার দেশবাসীর আছে।
তাৎপর্যপূর্ণ শুরু থেকে প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রক এবং সেনা মুখপাত্ররা এই সংক্রান্ত প্রশ্নের জবাব এড়িয়ে গেলেও হালে সেনাধক্ষ বা চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান বলেছেন, যুদ্ধে ক্ষয়ক্ষতিটা আসল নয়। আসল হল, লক্ষ্যপূরণ হয়েছে কি না। ভারতীয় সেনা প্রাথমিক ক্রটি শুধরে নিয়ে প্রতিপক্ষের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সমর্থ হয়। কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছে, পাক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাফালের মতো যুদ্ধ বিমানও।
অন্যদিকে, রাহুল ধারাবাহিভাবে সরকারের সাফল্য দাবিকে প্রশ্নবিদ্ধ করে গিয়েছেন। বিরোধী নেতাদের মধ্যে এই ব্যাপারে কংগ্রেস নেতা ব্যতিক্রম। তিনিই একমাত্র সেনার ক্ষয়ক্ষতির রিপোর্ট জানতে চেয়েছেন। ফলে সরকারের সঙ্গে তাঁর বিরোধ অনেক দূর গড়িয়ে গিয়েছে। তাছাড়া সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়ে তিনিই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেন।
রাহুল মঙ্গলবার মধ্যপ্রদেশে কংগ্রেসের এক অনুষ্ঠানে দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে সংঘর্ষ বিরতি মেনে নেন। এটা দেশের পক্ষে অসম্মানের বলে কংগ্রেস নেতার।
ভারত যদিও এই জাতীয় প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে প্রথম থেকেই দাবি করে এসেছে, ১১ মে পাকিস্তানের সেনাকর্তা ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের ফোনে ভারত সংঘর্ষ বিরতিতে রাজি হয়।
রাহুলের এই মন্তব্যের পরই তাঁকে পাকিস্তান ও চিনের পেড এজেন্ট বলে আক্রমণ করেন বিজেপি মুখপাত্র। ভারতের বিরুদ্ধে হামলায় পাকিস্তান চিনের দেওয়া অস্ত্র ব্যবহার করে। এর আগে রাহুল ধারাবাহিকভাবে দাবি করে গিয়েছেন, পূর্ব লাদাখে চিন ভারতের বিস্তীর্ণ জমি দখল করে রেখেছে। রাহুলকে এই কারণে চিনের এজেন্ট বলেও আক্রমণ করেছেন বিজেপি সাংসদ শম্বিৎ। তিনি বলেন, কংগ্রেস নেতা এমন একটা বিষয়কে হাতিয়ার করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন তা দেশের অসম্মান। পাকিস্তানের বিরুদ্ধে গোটা দেশ এককাট্টা। সেখানে রাহুল এমন সব প্রশ্ন তুলছেন, অভিযোহ করছেন যা সেনা বাহিনীর সাফল্যকেও প্রশ্নবিদ্ধ করছে।