সোমবার থেকে রাম দরবারের প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে অযোধ্যায় তৈরি হয়েছে উৎসবের আবহ। পুরো শ্রী রাম জন্মভূমি মন্দির চত্বর ঝলমল করছিল আলোর মেলায়।

শেষ আপডেট: 4 June 2025 07:59
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) অযোধ্যায় (Ayodhya) শ্রী রাম জন্মভূমি মন্দিরে রাম দরবারের প্রাণপ্রতিষ্ঠার (Pran Pratishtha of Ram Darbar) অনুষ্ঠান শুরু হয়েছে মঙ্গলবার থেকে। ভোর হতেই উপচে পড়ে ভক্তদের ভিড়। তাঁরা পুজোয় অংশ নিয়েছেন, দর্শনের জন্য দাঁড়িয়ে থেকেছেন ঘণ্টার পর ঘণ্টা।
প্রথম দিনের আচার-বিধির প্রধান যজ্ঞ আচার্য জয়প্রকাশ ত্রিপাঠীর কথায়, ‘অনেকগুলি গুরুত্বপূর্ণ পুজো সম্পন্ন করা হয়েছে। প্রতিটি ধাপ নিয়ম মেনে যথাযথ ভাবে পালন করা হয়েছে।’ সঙ্গে ছিলেন আরও তিনজন আচার্য, যাঁরা পুরো প্রক্রিয়ায় তাঁকে সাহায্য করেন।
এক সহকারী আচার্য জানান, ‘আজকের দিনের অন্যতম তাৎপর্যপূর্ণ বিষয় হল, রামলালার জন্ম, এখন তিনি রাজরূপে আবির্ভূত হচ্ছেন।’
পূজার পরবর্তী ধাপ হিসেবে আচার্যরা জানিয়েছেন, প্রাণপ্রতিষ্ঠার দ্বিতীয় দিন অর্থাৎ বুধবার সকালে মণ্ডপে গিয়ে গজানন গণেশ সহ অন্যান্য দেব-দেবীর আরাধনায় তাঁরা সামিল হবেন।
মঙ্গলবার মন্দিরে চোখে পড়েছে প্রবল ভিড়। এক ভক্ত বলেন, ‘খুব ভিড় ছিল, তার মধ্যে গরমও প্রচণ্ড। কিন্তু আমি খুব খুশি যে আজ এখানে আসতে পেরেছি।’
সোমবার থেকে রাম দরবারের প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে অযোধ্যায় তৈরি হয়েছে উৎসবের আবহ। পুরো শ্রী রাম জন্মভূমি মন্দিরটি সেজে ওঠে, গোটা চত্বর ঝলমল করছিল নানা রঙের আলোর মেলায়। মঙ্গলবার ভোর ৬টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এই পবিত্র প্রক্রিয়া চলবে ৫ জুন পর্যন্ত।
শ্রীরামবল্লভকুঞ্জের প্রধান মহন্ত রাজকুমার দাস মহারাজ জানিয়েছেন, ৫ জুন অযোধ্যায় সরযূ জয়ন্তী জন্মোৎসবে যোগ দেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এই উৎসবের আয়োজন করেছে আঞ্জনেয় সেবা ট্রাস্ট। ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত, এক সপ্তাহ ধরে চলবে এই অনুষ্ঠান। থাকবে ভক্তিগীতি, আচার অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা।