বৃহস্পতিবার বিজেপি কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে তুলোধনা করে পদপিষ্টের ঘটনায়।

কর্নাটক বিধানসভার উপ বিরোধী দলনেতা অরবিন্দ বেল্লাড় বলেন, ১৮ বছর পর রয়্যাল চ্যালেঞ্জার্স আইপিএল জেতার কৃতিত্ব নিতে চেয়েছিল রাজ্য সরকার।
শেষ আপডেট: 17 July 2025 14:30
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনার দায় ঝেড়ে ফেলে বিরাট কোহলির ঘাড়ে দোষ চাপানোয় কর্নাটক সরকারকে একহাত নিল বিজেপি। বৃহস্পতিবার বিজেপি কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে তুলোধনা করে পদপিষ্টের ঘটনায়। বিশেষত রাজ্য সরকার বিশাল জমায়েতে বিশৃঙ্খলার জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দায়ী করায় বেজায় চটেছে বিরোধী দল। উল্লেখ্য, ১৮ বছর পর প্রথম আইপিএল জিতে গত ৪ জুন বেঙ্গালুরুতে বিরাট কোহলির দল আরসিবির বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। জখম হন ৫০ জন।
কর্নাটক বিধানসভার উপ বিরোধী দলনেতা অরবিন্দ বেল্লাড় বলেন, ১৮ বছর পর রয়্যাল চ্যালেঞ্জার্স আইপিএল জেতার কৃতিত্ব নিতে চেয়েছিল রাজ্য সরকার। কিন্তু, এখন তারাই ওদের এবং দেশের তারকা ক্রিকেটার বিরাট কোহলির ঘাড়ে দোষ চাপিয়ে পদপিষ্ট হওয়ার দায় ঝেড়ে ফেলতে চায়।
বিজেপি নেতার অভিযোগ, রাজ্য সরকার দায়িত্ব এড়াতে চাইছে। ওইদিন মানুষকে শুধু আরসিবি কর্তারাই আমন্ত্রণ জানাননি। ওই জমায়েতের পিছনে ছিল কংগ্রেস, এমনকী রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার ও অন্যান্য অফিসারও। ডিপিএআর সচিব টিভির সামনে এসে জনতাকে আহ্বান করেছিলেন। সরকারই এই ঘটনার একমাত্র দায়ী।
তিনি আরও বলেন, যদি রিপোর্টে বলা হয়ে থাকে যে, পদপিষ্টের ঘটনায় আরসিবি একাই দায়ী, তাহলে সরকার কেন পুলিশ অফিসারদের সাসপেন্ড করল? প্রাক্তন পুলিশ কমিশনারের কাছে তো মুখ্যমন্ত্রীর তাহলে ক্ষমা চাওয়া উচিত। যদি আরসিবি সরকারকে এরকম অনুষ্ঠানের কথা জানিয়ে থাকে, তাহলে সরকারের উচিত ছিল তো তা অনুমতি না দেওয়া। একমাত্র সরকারই বলার অধিকারী যে, এরকম অনুষ্ঠান হবে না। কিন্তু, তারাও কৃতিত্ব নিতে চেয়েছিল। মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী সকলেই লোকজনকে আসার কথা জানিয়েছিলেন। কিন্তু এখন যেভাবে বিশ্ববিখ্যাত তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, তা ঠিক নয়, বলেন বিজেপি নেতা বেল্লাড়ি।