দুর্যোগ কবলিত চামোলি ও রুদ্রপ্রয়াগ ঘুরে সাংসদ ফিরছিলেন হৃষীকেশের দিকে। ফেরার পথে হঠাৎই ভূমিধস নামতে শুরু করলে তিনি গাড়ি থামিয়ে নেমে আসেন।

জোর বাঁচা বাঁচলেন বিজেপি সাংসদ
শেষ আপডেট: 18 September 2025 15:25
দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের (Uttarakhand) পাহাড়ি রাস্তায় ফের প্রকৃতির তাণ্ডব। অল্পের জন্য প্রাণে বাঁচলেন গড়োয়ালের বিজেপি সাংসদ (BJP MP) অনিল বালুনি (Anil Baluni)। মঙ্গলবার সন্ধ্যায় দেবপ্রয়াগের কাছে বদ্রীনাথ জাতীয় সড়কে তাঁর কনভয়ের সামনে আচমকাই ভয়াবহ ভূমিধস নামে। মুহূর্তের মধ্যে পাথর, কাদা নেমে আসে রাস্তায়। সাংসদ দ্রুত সরে গিয়ে কোনও রকমে রক্ষা পান। পরে তিনি সেই পরিস্থিতির ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
সূত্রের খবর, দুর্যোগ কবলিত চামোলি ও রুদ্রপ্রয়াগ ঘুরে সাংসদ ফিরছিলেন হৃষীকেশের দিকে। ফেরার পথে হঠাৎই ভূমিধস নামতে শুরু করলে তিনি গাড়ি থামিয়ে নেমে আসেন এবং অন্যদের সতর্ক করতে থাকেন। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়তে শুরু করলে আতঙ্কে দৌড়ে আশ্রয় নিতে বাধ্য হন তিনি।
उत्तराखंड में इस वर्ष आई भीषण अतिवृष्टि और भूस्खलन ने इतने गहरे घाव दिए हैं, जिन्हें भरने में बहुत समय लगेगा।
कल शाम आपदा प्रभावित क्षेत्र में भूस्खलन का एक भयावह दृश्य आप सभी के साथ साझा कर रहा हूं। यह दृश्य स्वयं बता रहा है कि हमारा उत्तराखंड इस समय कितनी भीषण प्राकृतिक आपदा… pic.twitter.com/fdTsXpPsm2— Anil Baluni (@anil_baluni) September 18, 2025
ভিডিওতে দেখা যায়, তাঁর কনভয়ের একেবারে সামনে পাহাড় ভেঙে পড়ছে। মুহূর্তের মধ্যে রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ছে পাথর। সামান্য দেরি হলেই ঘটতে পারত ভয়াবহ দুর্ঘটনা।
অনিল বালুনি লিখেছেন, ‘‘এই বছর উত্তরাখণ্ডে যেভাবে মেঘভাঙা বৃষ্টি আর ভূমিধস হচ্ছে, তাতে গভীর ক্ষত তৈরি হয়েছে। এই ক্ষত সারতে অনেকটা সময় লাগবে। গতকাল সন্ধ্যায় আমি নিজে এক ভয়াবহ দৃশ্যের সাক্ষী হয়েছি। ভিডিওটিই প্রমাণ করছে, কী মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের উত্তরাখণ্ড।’’
তিনি আরও জানান, ‘‘আমি বাবা কেদারনাথের কাছে প্রার্থনা করছি সকলের সুস্থ জীবন ও সমৃদ্ধির জন্য। একই সঙ্গে এনডিআরএফ, এসডিআরএফ, প্রশাসন ও জনপথ দফতরের কর্মীদের ধন্যবাদ জানাই। তাঁরা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দিনরাত কাজ করছেন, রাস্তা পরিষ্কার করছেন, মানুষকে বাঁচানোর চেষ্টা করছেন।’’
প্রসঙ্গত, চলতি বর্ষায় উত্তরাখণ্ডে বারবার ঘটছে মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধস। ইতিমধ্যেই অন্তত ১০ জন নিখোঁজ বলে খবর মিলেছে নন্দা নগরের কুনতারি লাগাফালি ও ধুরমা এলাকায়। সেখানে মোতায়েন করা হয়েছে উদ্ধারকারী দল। ব্যবহার করা হচ্ছে আধুনিক সরঞ্জাম ও যন্ত্রপাতি।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, প্রতিদিনই নতুন নতুন বিপর্যয়ের আতঙ্কে দিন কাটছে। ধসে যাচ্ছে গ্রাম, ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা, সেতু, ঘরবাড়ি। সাধারণ মানুষের দাবি, দ্রুত আরও কার্যকর দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা গড়ে তোলা হোক।
যদিও এই পরিস্থিতির মধ্যেও অল্পের জন্য প্রাণে রক্ষা পান সাংসদ অনিল বালুনি। তাঁর শেয়ার করা ভিডিও দেখে নেটিজেনরাও আতঙ্ক প্রকাশ করেছেন।