ঘটনায় রাজনীতির আঁচ লেগেছে কারণ হাসপাতালটি স্থানীয় বিজেপি বিধায়ক ডাঃ অনিল গয়ালের (BJP MLA hospital Delhi)।

শেষ আপডেট: 1 December 2025 17:47
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি সিসিটিভি ফুটেজ ঘিরে তোলপাড় দেশে, শুধু তাই নয়, তাতে লেগেছে রাজনীতির রং। দিল্লির কৃষ্ণ নগরে (Krishna Nagar) গয়াল হাসপাতাল (Goyal Hospital) নিয়ে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ (Delhi hospital theft)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিওতে (সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল) দেখা যায়, এক মহিলা কর্মী হাসপাতালের জরুরি বিভাগে মৃত এক বৃদ্ধার শরীর থেকে গয়না খুলে নিচ্ছেন (Hospital staff stealing jewellery)।
অভিযোগ উঠতেই ক্ষোভে ফুঁসছে মৃতার পরিবার, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁরা। এই ঘটনায় রাজনীতির আঁচ লেগেছে কারণ হাসপাতালটি স্থানীয় বিজেপি বিধায়ক ডাঃ অনিল গয়ালের (BJP MLA hospital Delhi)।
ঘটনাটি ঘটে ১১ নভেম্বর সকালে। পরিবারের দাবি, ভোর প্রায় ৫টা নাগাদ গুরুতর অসুস্থ অবস্থায় বৃদ্ধাকে গয়াল হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগেই চলছিল প্রথম দফার চিকিৎসা। সেই সময় তাঁর কানে দুল এবং গলায় একটি সোনার চেন ছিল, এ কথাও স্পষ্টভাবে অভিযোগপত্রে উল্লেখ করেছেন স্বজনেরা। চিকিৎসার সময়ও ওই গয়না থেকেই যায় বলে তাঁদের দাবি।
সমালোচনার কেন্দ্রে হাসপাতাল, অভিযোগ পুলিশের উদাসীনতা
পরিবারের অভিযোগ, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হাসপাতালের তরফে জানানো হয় যে রোগীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তাঁকে দ্রুত জিটি-বি হাসপাতালে রেফার করা হচ্ছে। কিন্তু সেখানে পৌঁছনোর আগেই বৃদ্ধার মৃত্যু হয়।
এরপর মৃতদেহ স্থানান্তরের সময়ই পরিবারের নজরে আসে - দুল, গলার সোনার চেন গায়েব। তাঁরা জানাচ্ছেন, হাসপাতালের পক্ষ থেকে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। মৃতার গয়নাগুলির খোঁজে পরিবারের সদস্যরা প্রশ্ন করতে থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষের ভঙ্গি ছিল 'উদাসীন'।
পরিবারের অভিযোগ আরও মারাত্মক। তাঁদের দাবি, পুলিশে অভিযোগ জানাতে গেলে থানা নাকি সরাসরি বলে, “আমাদের অনেক দায়িত্ব আছে, এই ধরনের ঘটনায় বেশি সময় দেওয়া সম্ভব নয়।” ফলে শুরু থেকেই তাঁরা ন্যায়বিচারের পথে বাধা পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
दिल्ली स्थित कृष्णा नगर ,BJP विधायक अनिल गोयल के हॉस्पिटल में बेड पर पड़ी महिला की लाश से स्टाफ ने ज्वेलरी चुरा ली !! 😳 pic.twitter.com/K9ahrQ0bQv
— Preet Awana (@PreetAwana2) December 1, 2025
সিসিটিভি পরীক্ষা করতে চাইলে প্রকাশ্যে আসে বিস্ফোরক দৃশ্য
হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখার দাবি জানিয়েছিলেন পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, হাসপাতালেরই কোনও কর্মী এই চুরি করেছে। পরে ভাইরাল হওয়া যে ফুটেজে দেখা যায়, এক মহিলা দেহ থেকে গয়না খুলে নিচ্ছেন, তা দেখে পরিবারের অভিযোগ আরও জোরালো হয়।
চাপ বাড়তে থাকলে হাসপাতাল প্রশাসন দুল ফেরত দেয় ঠিকই, কিন্তু হারিয়ে যাওয়া গলার চেনের এখনও কোনও হদিশ নেই।
বিধায়ক অনিল গয়ালের ভূমিকা নিয়ে প্রশ্ন
হাসপাতালের মালিক স্থানীয় বিজেপি বিধায়ক ডাঃ অনিল গয়াল। পরিবার তাঁর কাছেও অভিযোগ জানায়। কিন্তু তিনি বিষয়টিতে দূরত্ব বজায় রাখেন। সাংবাদিকদের সামনে বলেন, “এটা পুলিশের বিষয়। মন্তব্য করার কিছু নেই। পুলিশই যথাযথ ব্যবস্থা নেবে।”
এই ধরনের প্রতিক্রিয়া দেখে পরিবারের ক্ষোভ আরও বাড়ছে। তাঁদের বক্তব্য, “জনপ্রতিনিধি হিসেবে ন্যূনতম সহায়তা বা আশ্বাস পাওয়ার কথা। কিন্তু উল্টোভাবে দায় ঝেড়ে ফেলছেন।”
পরিবারের দাবি: নিরপেক্ষ তদন্ত চাই
এই ঘটনার ফলে স্থানীয় মানুষের মধ্যেও অসন্তোষ ছড়িয়েছে। সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। পরিবারের দাবি,
“হাসপাতাল প্রশাসন ও দায়ী কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এবং তদন্ত হোক সম্পূর্ণ নিরপেক্ষভাবে।”
গয়াল হাসপাতালে মৃতদেহ থেকে গয়না চুরি - এই অভিযোগ শুধু হাসপাতালের নিরাপত্তা নয়, জনসাধারণের আস্থাকেও বড় প্রশ্নের মুখে ফেলেছে বলে মত নেটিজেনদের।