মহারাষ্ট্রের রানি বাগে জন্মানো পেঙ্গুইনের বাচ্চাদের মারাঠি নাম রাখার দাবি তুলেছে বিজেপি। দলটির দাবি, যেহেতু বাচ্চাগুলোর জন্ম মহারাষ্ট্রে, তাই তাদের নাম মারাঠি ভাষায় হওয়াই উচিত।

পেঙ্গুইনের বাচ্চা
শেষ আপডেট: 3 June 2025 17:04
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের রানি বাগে জন্মানো পেঙ্গুইনের বাচ্চাদের মারাঠি নাম রাখার দাবি তুলেছে বিজেপি। দলটির দাবি, যেহেতু বাচ্চাগুলোর জন্ম মহারাষ্ট্রে, তাই তাদের নাম মারাঠি ভাষায় হওয়াই উচিত।
এই দাবি ঘিরে বুধবার মুম্বই পুরসভার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। নির্বাচনের আগে পরিচয় রাজনীতি নিয়ে এই প্রতিবাদ হলেও, নেতারা মারাঠি ভাষার ‘ক্লাসিকাল ল্যাংগুয়েজ’ স্বীকৃতি উল্লেখ করে নিজের দাবিকে যুক্তি সহকারে তুলে ধরেন।
বিক্ষোভের নেতৃত্ব দেন বাইকুলা বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতা নীতিন বাঙ্কর। তিনি বলেন, “যখন বিদেশ থেকে পেঙ্গুইন আনা হয়েছিল, আমরা মেনে নিয়েছিলাম যে তাদের নাম ইংরেজিতে রাখা হবে। কিন্তু যারা মহারাষ্ট্রের মাটিতে জন্মেছে, তাদের নাম মারাঠি হওয়া উচিত।”
নীতিন বাঙ্করের অভিযোগ, বহুবার BMC-র (বৃহন্মুম্বই পুরসভা) কাছে আবেদন জানিয়েও কোনও সাড়া পাননি। “আমরা নিজেদের দাবিতে অনড় ছিলাম। আমি পুর প্রশাসনকে চিঠিও দিয়েছিলাম। কিন্তু কোনও উত্তর আসেনি,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “যদি মারাঠি ভাষা ‘ক্লাসিকাল ল্যাংগুয়েজ’ হতে পারে, তাহলে পেঙ্গুইনের ছানাদের মধ্যে অন্তত কিছু ছানার নাম মারাঠি হতে সমস্যা কোথায়?”
মুম্বইয়ের ভিক্টোরিয়ান যুগের ঐতিহ্যবাহী চিড়িয়াখানা—বহুল পরিচিত ‘রানি বাগ’-এ ২০১৬ সালে দক্ষিণ কোরিয়া থেকে আটটি হাম্বোল্ড্ট প্রজাতির পেঙ্গুইন আনা হয়েছিল। এরপর কয়েকটি ছানাও জন্মেছে সেখানে। এদের বেশিরভাগের নামই ইংরেজি। এখন সেই নামকরনের ওপরই নতুন বিতর্কের সুর চড়াল বিজেপি।