সোমবার তুরস্কের ইস্তানবুলে আয়োজিত দ্বিতীয় দফার শান্তি আলোচনায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির কোনও ফয়সালা হয়নি।

গ্রাফিক্স- শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 3 June 2025 16:35
দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধবন্দি বিনিময় চুক্তিতে ৬ হাজার ইউক্রেনীয় সেনার মৃতদেহ ফেরত দিতে সম্মত হয়েছে রাশিয়া। সোমবার তুরস্কের ইস্তানবুলে আয়োজিত দ্বিতীয় দফার শান্তি আলোচনায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির কোনও ফয়সালা হয়নি। কিন্তু, দুই দেশ যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে একমত হয়েছে। চুক্তি অনুসারে, মস্কো আগামী সপ্তাহের ভিতর মৃত ইউক্রেনীয় সেনার ৬ হাজার হিমদেহ তুলে দেবে। রাশিয়ার তরফে শান্তি প্রতিনিধিদূত প্রধান ভ্লাদিমির মেদিনস্কি বৈঠকের ফলশ্রুতিতে একথা জানান।
দুই পক্ষই যুদ্ধে প্রচণ্ড ঘায়েল হওয়া, অসুস্থ বন্দিদের প্রত্যর্পণে রাজি হয়েছে। বিশেষত যাঁদের বয়স ২৫ বছরের নীচে। রুশ দূত জানান, প্রথমে ইউক্রেনীয় সেনা ও অফিসারদের সংরক্ষিত ৬ হাজার দেহ ফেরত দেওয়া হবে। আমরা সেইসব সৈনিকদের দেহ যথাযথ মর্যাদায় সংরক্ষিত করে রেখেছি। তাঁদের ডিএনএ পরীক্ষা হয়েছে, তাতেই বোঝা গিয়েছে তাঁদের পরিচয়। আগামী সপ্তাহে ইউক্রেনের হাতে সেইসব দেহ তুলে দেওয়া হবে। যাতে সেখানে মানবিক দিক থেকে তাঁদের শেষকৃত্য সম্পন্ন করা যায়।
তিনি আরও জানান, আমরাও রুশ সেনাদের দেহ ফিরিয়ে নিতে রাজি আছি। ওরা যদি সেই দেহ সংরক্ষিত করে রেখে থাকে তো। এখনও পর্যন্ত আমরা কিছুই জানতে পারিনি। রুশ প্রেসিডেন্টের অন্যতম পরামর্শদাতা মেদিনস্কির লেখা একটি স্কুল পাঠ্যবই আছে। যাতে তিনি রাশিয়ার ইউক্রেন অভিযানের যুক্তি তুলে ধরেছেন। সেখানে তিনি প্রশ্ন তুলেছেন, কীভাবে ইউক্রেন নিজেকে রাষ্ট্র বলে পরিচয় দেওয়ার অধিকার পায়।
রুশ বাহিনী ইউক্রেনের শিশুদের অপহরণ করে রেখেছে। কিয়েভের এই দাবির জবাবে তিনি বলেন, এ ব্যাপারে খোঁজ নেবেন। আমরা শুনেছিলাম ১৫ লক্ষ ইউক্রেনীয় শিশুকে রুশ বাহিনী তুলে নিয়ে গিয়েছে। পরে সেই সংখ্যাটা কমে হয় ২ লক্ষ। আর এখন ওরা বলছে ২০ হাজার। আমরা ওদের প্রমাণ দেখাতে বলছি। ওরা তা না পারায় আমরা এখনও পর্যন্ত ৩৩৯ জনের নাম পেয়েছি। তিনি সাফাই দিয়ে বলেন, একটি শিশুকেও কেউ অপহরণ করা হয়নি। বরং যুদ্ধক্ষেত্র থেকে তাদের উদ্ধার করা হয়েছে। যদি ওদের বাবা-মায়ের খোঁজ মেলে আমরা তখনই তাঁদের হাতে তুলে দেব।