সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসিকে ঘিরে বিশৃঙ্খলার ঘটনায় বিদেশি সংবাদমাধ্যমের রিপোর্ট সামনে এনে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ বিজেপির।প্রশাসনিক ব্যর্থতায় বাংলা আন্তর্জাতিক মঞ্চে ‘গ্লোবাল লাফিংস্টক’-এ পরিণত হয়েছে, দাবি তাদের।

যুবভারতীতে মেসি
শেষ আপডেট: 14 December 2025 12:22
দ্য ওয়াল ব্যুরো: সল্টলেক স্টেডিয়ামে (Salt Lake Stadium) লিওনেল মেসিকে (Lionel Messi) ঘিরে হওয়া অনুষ্ঠানের বিশৃঙ্খলা নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র ঝড়। তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সরকারকে কাঠগড়ায় তুলে আক্রমণ শানাল বিজেপি (Bharatiya Janata Party)। আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) দাবি করেছেন, এই ঘটনা বাংলাকে আন্তর্জাতিক স্তরে চরম লজ্জায় ফেলল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বেই রাজ্যের ‘আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ’ হয়েছে বলে অভিযোগ তাঁর।
From Sandeshkhali to the Messi mess — Mamata Banerjee has brought international disrepute to Bengal.
What should have been a moment of pride for Kolkata turned into a textbook example of administrative collapse. The Mamata Banerjee government’s mismanagement at Salt Lake Stadium… pic.twitter.com/LOCpXcG0FC— Amit Malviya (@amitmalviya) December 14, 2025
রবিবার এক্সে (X, formerly Twitter) বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন শেয়ার করে মালব্য লেখেন, “সন্দেশখালি (Sandeshkhali) থেকে মেসি মেস (Messi mess) বাংলাকে আন্তর্জাতিক অপমানের মুখে ঠেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।” তাঁর কথায়, কলকাতার (Kolkata) গর্ব হওয়ার কথা যে অনুষ্ঠান নিয়ে, তা প্রশাসনিক অবস্থা ভেঙে পড়ার পাঠ্যবই হয়ে উঠল। সল্টলেক স্টেডিয়ামে সরকারের অব্যবস্থাপনা শুধু একটি অনুষ্ঠান ভেস্তে দেয়নি, গোটা বাংলাকেই ‘গ্লোবাল এমবারাসমেন্ট’ হিসেবে তুলে ধরেছে। পুরোটাই হাস্যকর হয়েছে।
যে শহরে ফুটবলের জাদুকর দেশে পা রেখেই এলেন, সেই শহর এমন হাস্যকর কাজ করায় শুধু মঞ্চে নয়, রাজ্যের মুখ পুড়ল ভাবমূর্তিতেও। নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিজেপি নেতা। স্পষ্ট জানান, ফাঁপা ক্ষমা চেয়ে ‘ব্যবস্থাগত অযোগ্যতা’ আর ‘ব্যর্থ শাসন’ ঢেকে রাখা যায় না। বাংলার এখন দরকার এমন নেতৃত্ব ও স্বচ্ছতা, যারা কাজ করে দেখাতে পারবে।
সাধারণ মানুষের জন্য ঘোষিত অনুষ্ঠান চুপিসারে রূপ নেয় ‘বন্ধ, এলিট ইভেন্টে’। সমন্বয়ের অভাব, প্রবেশাধিকার সীমিত করা আর পরিস্থিতি আড়াল করার মরিয়া চেষ্টাই বিশৃঙ্খলা ডেকে আনে। বিপুল সরকারি ও বেসরকারি খরচ সত্ত্বেও সাধারণ মানুষকে দূরে সরিয়ে রাখা হয় বিশ্ব ফুটবল তারকার থেকে। এই ‘ফিয়াস্কো’র দায় সম্পূর্ণভাবে অদক্ষ প্রশাসন আর মন্ত্রীদের ঘাড়েই চাপান তিনি।
এই ঘটনার পর বিজেপির রাজ্য নেতৃত্বও সরব হয়। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিদেশি সংবাদমাধ্যমের রিপোর্ট তুলে ধরে বলেন, কলকাতাকে ‘গ্লোবাল লাফিংস্টক’ বানানো হয়েছে। ক্ষমা চাওয়া বা কাউকে বলির পাঁঠা বানালেই তৃণমূল সরকারের ‘চরম অযোগ্যতা’ ধুয়ে যাবে না। বিরোধী দলনেতার অভিযোগ, মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রীরা প্রকাশ্য অনুষ্ঠানকে বেছে নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত অনুষ্ঠানে পরিণত করেন শনিবার। তারকাকে সাধারণ মানুষের চোখের আড়ালে রাখার ব্যবস্থাই পরিস্থিতি হাতের বাইরে নিয়ে যায়, অথচ এই অনুষ্ঠানের জন্য বিপুল অর্থ খরচ হয়েছে। টিকিটের টাকা দিয়েছে সাধারণ মানুষই।
International Embarrassment !!!
Mamata Banerjee's Administration’s epic failure at the Salt Lake Stadium has turned Kolkata into a 'global laughingstock'. She and her inefficient Ministers, who turned the public event into an exclusive private function with access to only a… pic.twitter.com/jP9Q1QTHHI— Suvendu Adhikari (@SuvenduWB) December 14, 2025
ঘটনার জেরে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (CV Ananda Bose) কাছে চিঠি লিখে স্বাধীন বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অনিয়ন্ত্রিত ভিআইপি উপস্থিতি, চোখের সামনে হাজারো জিনিস থাকায় বাধা এবং খামখেয়ালি নিষেধাজ্ঞার কারণে দর্শকরা ন্যূনতম সুযোগ-সুবিধা ও মর্যাদাপূর্ণভাবে অনুষ্ঠান দেখার সুযোগ পাননি।
এদিকে শনিবারের ঘটনার পর পুলিশ গ্রেফতার করেছে অনুষ্ঠানের প্রধান আয়োজক শতদ্রু দত্তকে (Satadru Datta)। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকাল থেকে সেই কমিটি পরিদর্শন করছে।