দিল্লির আনন্দ বিহার স্টেশনের কাছে রেল ইঞ্জিনিয়ারের গাড়ির ভিতর থেকে উদ্ধার হল বিহারের এক যুবকের দেহ। ট্রেন ধরতে এসে ভুল করে গাড়ির ভিতর বসেছিলেন তিনি।

শেষ আপডেট: 3 November 2025 10:14
দ্য ওয়াল ব্যুরো: আনন্দ বিহার স্টেশনের কাছে রেল দফতরের এক ইঞ্জিনিয়ারের গাড়ির পিছনের সিট থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ির ভিতরে আটকে পড়ে শ্বাসরোধেই মৃত্যু হয়েছে ওই যুবকের।
মৃতের নাম জাভেদ, বয়স ২৮ বছর। বাড়ি বিহারের পূর্ণিয়ায়। ৩১ অক্টোবর সন্ধে সাড়ে ৭টা নাগাদ আনন্দ বিহার স্টেশনের কাছে একটি পার্ক করা গাড়ির ভিতরে দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে।
জাভেদের ব্যাগ, মোবাইল ফোন এবং জামাকাপড়ও গাড়ির ভিতর থেকেই উদ্ধার হয়। শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সেদিন সকাল ১০টা ৪৯ মিনিটে রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) গুরু প্রতাপ গাড়িটি পার্ক করে অফিসে ঢোকেন। গাড়ি তখন আনলক অবস্থায় ছিল।
তার কিছুক্ষণ পর, সকাল ১১টা ২২ মিনিটে জাভেদ (রাজমিস্ত্রির কাজ করতেন), বিহার যাওয়ার জন্য স্টেশনে আসেন এবং গাড়ির পিছনের সিটে গিয়ে বসেন।
বেলা প্রায় ১টা ৫০ মিনিট নাগাদ ওই ইঞ্জিনিয়ারের এক সহকর্মী লাঞ্চবক্স আনতে গাড়ির কাছে যান। তখনই অজান্তেই গাড়িটি লক করে দেন, ভিতরে কেউ আছে তা খেয়াল করেননি। এরপর সিসিটিভিতে দেখা যায়, দুপুর ১টা ৫৪ থেকে ৩টা ১৩ পর্যন্ত জাভেদ নড়াচড়া করছেন, সম্ভবত দরজা খোলার চেষ্টা করছিলেন।
সন্ধ্যা ৫টা ৩৪ মিনিটে গুরু প্রতাপ গাড়ির কাছে ফিরে এসে দেখেন, পিছনের সিটে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন জাভেদ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়।
পুলিশ জানিয়েছে, জিটি’বি হাসপাতালে ময়নাতদন্তে দেখা গিয়েছে, শ্বাস নিতে না পেরেই মৃত্যু হয়েছে জাভেদের। গোটা ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।