জমি বিক্রির খবর পেয়েই পাঞ্জাব থেকে ফিরে আসেন বালো। স্ত্রীর সঙ্গে শুরু হয় বিবাদ। অভিযোগ, সেই বিবাদের জেরেই এক রাতে ঘুমন্ত অবস্থায় স্বামীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন উষা।

স্বামীকে খুন করলেন মহিলা!
শেষ আপডেট: 14 July 2025 12:48
দ্য ওয়াল ব্যুরো: গভীর রাতে ঘুম ভেঙে এক ১২ বছরের কিশোর দেখে ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছে। তারই মা কুপিয়ে খুন করছে বাবাকে। এমনকি তাকে হুমকিও দেওয়া হয়। তার মা বলে, 'চুপ না থাকলে তোকেও মেরে ফেলব।' এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিহারের (Bihar Incident) পূর্ণিয়ায়। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই স্বামীকে খুন করেছেন ওই মহিলা (Woman killed her husband)।
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম বালো দাস (৪৫)। তিনি পাঞ্জাবে দিনমজুরের কাজ করতেন। তাঁর স্ত্রী উষা (৩৫) তিন সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন। স্বামীর অনুপস্থিতিতই গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্কে গড়ে ওঠে উষার। সেই প্রেমিকের কথাতেই উষা নিজের নামে থাকা জমি বিক্রি করে দেন বলেও অভিযোগ।
জমি বিক্রির খবর পেয়েই পাঞ্জাব থেকে ফিরে আসেন বালো। স্ত্রীর সঙ্গে শুরু হয় বিবাদ। অভিযোগ, সেই বিবাদের জেরেই এক রাতে ঘুমন্ত অবস্থায় স্বামীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন উষা। সেইসময় ঘুমাচ্ছিল ১২ বছরের শৈলেন্দ্র। হঠাৎ ঘুম ভেঙে যায় তার। চোখ খুলে দেখে বাবার ঘাড়ে কোপ মারছে মা। শৈলেন্দ্র চিৎকার করতে গেলে তাকে হুমকি দেন উষা।
পরদিন সকালে বাড়ির কাছেই এক আত্মীয়ের কাছে চলে যায় শৈলেন্দ্র। সব কথা জানায় তাঁকে। সেখান থেকেই খবর যায় গ্রামবাসীদের কাছে। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। গ্রেফতার করা হয় উষাকে। পুলিশি জেরায় নিজের দোষ স্বীকার করেন তিনি।
তদন্তকারীরা মনে করছেন, প্রেমিকের প্ররোচনাতেই স্বামীকে খুন করেছেন ঊষা। অভিযুক্ত প্রেমিক পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।