প্রথম দফায় পোলিংয়ের হার ছিল ৬৪.৬৬। স্বাধীনতার পর এত হারে ভোট বিহারের কোনও নির্বাচনে পড়েনি। কিন্তু মঙ্গলবার যে হারে ভোট পড়ছে তাতে ভোটদান প্রায় ৭০ শতাংশ ছুঁয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। বিহারে গত বিধানসভা ভোটে পোলিং পারসেন্টেজ তথা ভোট দানের হার ছিল মাত্র ৫৭ শতাংশ। সেদিক থেকে দেখতে গেলে এ যাত্রায় ভোট দানের হার প্রায় ১০ শতাংশ বেড়ে যেতে চলেছে।

শেষ আপডেট: 11 November 2025 18:04
দ্য ওয়াল ব্যুরো: বিহারে বিধানসভা নির্বাচনের (Bihar Election 2025) প্রথম দফায় ভোটদানের ইতিমধ্যে রেকর্ড ছুঁয়েছে। তার পর মঙ্গলবার দ্বিতীয় দফায় ভোট গ্রহণে দেখা গেল তা প্রথম দফাকেও ছাপিয়ে গেছে (Bihar record polling percentage)। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৭.১৪ শতাংশ। যা বিহারের রাজনৈতিক ইতিহাসে কস্মিনকালে হয়নি।
এদিন ভোট গ্রহণ হয়েছে ১২২টি আসনে। মূলত বিহারের সীমাঞ্চলে ভোট হয়েছে দ্বিতীয় দফায়, যেখানে সংখ্যালঘু জনবসতি তুলনায় বেশি। যেমন, কিষাণগঞ্জ, পূর্ব ও পশ্চিম চম্পারণ, সোপল, সীতামারি, আরারিয়া ও মধুবনী।
এর আগে গত বৃহস্পতিবার ১৮টি জেলায় ১২১টি বিধানসভা আসনে ভোট হয়েছে। প্রথম দফায় পোলিংয়ের হার ছিল ৬৪.৬৬। স্বাধীনতার পর এত হারে ভোট বিহারের কোনও নির্বাচনে পড়েনি। কিন্তু মঙ্গলবার যে হারে ভোট পড়ছে তাতে ভোটদান প্রায় ৭০ শতাংশ ছুঁয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। কারণ, বিকেল ৫টা পর্যন্ত যখন নির্বাচন কমিশন পরিসংখ্যান জানিয়েছে তখনও বহু বুথের বাইরে ভোটারদের লাইন রয়েছে।
বিহারে গত বিধানসভা ভোটে পোলিং পারসেন্টেজ তথা ভোট দানের হার ছিল মাত্র ৫৭ শতাংশ। সেদিক থেকে দেখতে গেলে এ যাত্রায় ভোট দানের হার প্রায় ১০ শতাংশ বেড়ে যেতে চলেছে।
কৌতূহলের বিষয় হল, এই বাম্পার ভোটিং কোন ঝড়ের ইঙ্গিত?
ভারতের অতীত সব নির্বাচনের অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে, ভোট দানের হার হঠাৎ করে বেড়ে যাওয়া শাসক দলের পক্ষে মঙ্গলজনক হয়নি। পর্যবেক্ষকদের অধিকাংশের মতে, সরকার তথা প্রতিষ্ঠান বিরোধী ঝড় উঠলে তবেই ভোটদানের হার রাতারাতি অনেকটা বেড়ে যেতে পারে। সরকারের বিরুদ্ধে অসন্তোষ না থাকলে বা সরকার বদলের তাড়না না থাকলে বেশি হারে ভোট পড়ে না।
স্বাভাবিক ভাবেই বিহারে ভোট দানের হার নিয়ে রাজনৈতিক মহলে প্রবল জল্পনা তৈরি হয়েছে। এনডিএ ও মহাগঠবন্ধন — উভয় জোটই এই রেকর্ড অংশগ্রহণকে নিজেদের পক্ষে বলে ব্যাখ্যা করার চেষ্টা করছে। কিন্তু ইতিহাস বলছে, যখনই বিহারে ভোটদানের হার এমনভাবে বেড়েছে, তখনই রাজ্যে ঘটেছে ক্ষমতার পরিবর্তন।
বিহার নির্বাচনে ভোট দানের ইতিহাস
বিহারের ভোটের পরিসংখ্যান তুলে ধরছে এক আকর্ষণীয় তথ্য। যতবারই ভোটের হার ৫ শতাংশের বেশি বেড়েছে, ততবারই সরকার পাল্টেছে।
১৯৬৭ সালে ভোট বেড়েছিল ৪৪.৫% থেকে ৫১.৫%— ৭ শতাংশ বৃদ্ধি। ফলাফল: কংগ্রেসের প্রথম হার, অ-কংগ্রেসি জোটের উত্থান।
১৯৮০ সালে ভোটের হার ৫০.৫% থেকে বেড়ে হয় ৫৭.৩%— বৃদ্ধি প্রায় ৭%। কংগ্রেস ফিরে পায় ক্ষমতা, জনতা সরকারে পতন।
১৯৯০ সালে ৫৬.৩% থেকে বেড়ে ভোট পড়ে ৬২% — ৫.৭% বৃদ্ধি। কংগ্রেসের বিদায়, ক্ষমতায় লালুপ্রসাদ যাদবের জনতা দল।
২০০৫ সালে যদিও ভোটের হার কমেছিল প্রায় ১৬%, কিন্তু তবুও পাল্টে যায় সরকার— প্রথমবার মুখ্যমন্ত্রী হন নীতীশ কুমার।
দিনের শেষে চূড়ান্ত পোলিং পারসেন্টেজ কত হল, তা এই প্রতিবেদনেই আপডেট করা হবে।