কমিশন জানিয়েছে, ১,৫৭০ জন প্রিসাইডিং অফিসার এখনও চূড়ান্ত তথ্য আপলোড করেননি, ফলে ভোটের হার আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিহারের বিধানসভা নির্বাচন
শেষ আপডেট: 6 November 2025 21:48
দ্য ওয়াল ব্যুরো: বিহারের বিধানসভা নির্বাচনের (Bihar Election 2025) প্রথম দফার ভোটগ্রহণ শেষ। বৃহস্পতিবার রাজ্যের ১৮টি জেলায় ১২১টি বিধানসভা কেন্দ্রে মোট ৩.৭৫ কোটিরও বেশি ভোটার অংশ নেন। নির্বাচন কমিশনের (ECI) তথ্য অনুযায়ী, এদিন রেকর্ড ৬৪.৬৬ শতাংশ ভোট পড়েছে, যা বিহারের ইতিহাসে সর্বোচ্চ।
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, ড. সুখবীর সিংহ সান্ধু ও ড. বিবেক জোশি রাজধানী দিল্লির কন্ট্রোল রুমে বসেই লাইভ ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে ভোটগ্রহণের প্রতিটি পর্বে নজর রাখেন। এবারই প্রথম, বিহারের ৪৫,৩৪১টি বুথেই ১০০ শতাংশ লাইভ ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছিল।
সূত্রে খবর, ভোট প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে কমিশনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। চার লক্ষেরও বেশি ভোটকর্মী বুধবার রাত ১১টা ২০ মিনিটের মধ্যেই নিজ নিজ বুথে পৌঁছে যান। বৃহস্পতিবার সকাল ৭টার আগেই সব বুথে মক ভোট সম্পন্ন হয়। মোট ১,৩১৪ প্রার্থীর হয়ে প্রায় ৬৭,৯০২ জন পোলিং এজেন্ট বুথে উপস্থিত ছিলেন।
ভোটারদের জন্য নতুন সুবিধা, খুশি ভোটাররা
নির্বাচন কমিশনের তরফে এবারের ভোটে বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়া হয়। ভোটাররা এবার ব্যালট ইউনিটে প্রার্থীদের রঙিন ছবি দেখে ভোট দিতে পেরে বিশেষভাবে সন্তুষ্ট। এছাড়া, বুথে মোবাইল জমা রাখার আলাদা ব্যবস্থা, নতুন নকশার সহজপাঠ্য ভোটার ইনফরমেশন স্লিপ, এবং প্রতি বুথে সর্বোচ্চ ১,২০০ ভোটার - ফলে ভিড় অনেকটাই কম ছিল।
প্রতিটি বুথে হুইলচেয়ার ও স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে বিশেষভাবে সক্ষম ভোটারদের সহায়তা করা হয়। এমনকি, পিডব্লিউডি ভোটারদের পৌঁছে দেওয়ার জন্য ই-রিকশার ব্যবস্থাও ছিল।
নারী ভোটারদের নিরাপত্তা ও অংশগ্রহণে নজর
নির্বাচন কমিশন জানায়, পর্দানসিন মহিলাদের সনাক্তকরণে প্রায় ৯০ হাজার ‘জীবিকা দিদি’ বা মহিলা স্বেচ্ছাসেবক ও কেন্দ্রীয় বাহিনীর এক সদস্যকে প্রতিটি বুথে মোতায়েন করা হয়েছিল।
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রশংসা
প্রথমবারের মতো, ইন্টারন্যাশনাল ইলেকশন ভিজিটর্স প্রোগ্রামের (IEVP) অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স, বেলজিয়াম ও কলম্বিয়া - মোট ছ’টি দেশের ১৬ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাঁরা বিহারের ভোটগ্রহণ প্রক্রিয়াকে 'আন্তর্জাতিক মানের স্বচ্ছ, দক্ষ ও অংশগ্রহণমূলক' বলে প্রশংসা করেন।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, “বিহারের ভোটগ্রহণ এ বছর ঐতিহাসিক। নতুন প্রযুক্তি, ভোটার-বান্ধব উদ্যোগ এবং মানুষের উৎসাহী অংশগ্রহণ এই নির্বাচনের সাফল্যের মূল চাবিকাঠি।”
কমিশন জানিয়েছে, ১,৫৭০ জন প্রিসাইডিং অফিসার এখনও চূড়ান্ত তথ্য আপলোড করেননি, ফলে ভোটের হার আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।