বিহারের ডেপুটি সিইও অশোক প্রিয়দর্শী স্বীকার করেছেন, অনেক ভোটার আবেদন করার সময় বাড়ির নম্বর দেননি। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট তাও গ্রহণ করেছে, ফলে ‘০’ নম্বর দেখাচ্ছে।
.jpeg.webp)
ছবি- দ্য ওয়াল
শেষ আপডেট: 11 August 2025 11:44
দ্য ওয়াল ব্যুরো: বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশের পর উঠেছে নতুন বিতর্ক। প্রকাশিত তালিকা ঘেঁটে দেখা যাচ্ছে, প্রায় ৩ লক্ষ ভোটারের ঠিকানায় বাড়ি নম্বর লেখা হয়েছে ‘০’, ‘০০’ বা ‘০০০’। শুধু তাই নয়, জামুই জেলার চৌডিহা পঞ্চায়েতের আমিন গ্রামে ২৩০ জন বাসিন্দার ঠিকানা নথিভুক্ত হয়েছে একই, ৩ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বাড়ি।
গ্রামবাসীদের অভিযোগ, ইন্টেনসিভ রিভিশনের (SIR) জন্য কোনও বুথ লেভেল অফিসার (BLO) তাঁদের গ্রামে আসেননি। নিয়ম অনুযায়ী, বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ ও ফর্ম ফিলআপের কথা থাকলেও, কর্মকর্তারা নাকি অফিসে বসেই ফর্ম ভরেছেন। এমনকি অনেক ক্ষেত্রে গ্রামবাসীদের সই ছাড়াই তথ্য জমা দেওয়া হয়েছে। ফলে মৃত ব্যক্তির নামও থেকে গিয়েছে খসড়া তালিকায়।
নিউজ মিনিটের একটি রিপোর্ট নিউজ লন্ডারিকে উদ্ধৃত করে বলছে, বিহারের ২৪৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২৩৫টির ৮৭ হাজারের বেশি বুথে ২ লক্ষ ৯২ হাজারেরও অধিক ভোটারের ঠিকানা ‘০’ নম্বরে নথিভুক্ত। মগধ ও পাটনা অঞ্চলে এই সমস্যা সবচেয়ে বেশি। বাকি কিছু কেন্দ্রের তথ্য এখনও বিশ্লেষণ করা সম্ভব হয়নি। কারণ, প্রথমে তালিকা ছিল ‘মেশিন রিডেবল’ ফরম্যাটে, যা দিয়ে দ্রুত তথ্য যাচাই করা যাচ্ছিল। কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধী একই এপিক নম্বরে একাধিক ভোটারের অস্তিত্বের অভিযোগ তোলার পর নির্বাচন কমিশন ফরম্যাট বদলে ‘নন-মেশিন রিডেবল’ করে দেয়।
বিহারের ডেপুটি সিইও অশোক প্রিয়দর্শী স্বীকার করেছেন, অনেক ভোটার আবেদন করার সময় বাড়ির নম্বর দেননি। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট তাও গ্রহণ করেছে, ফলে ‘০’ নম্বর দেখাচ্ছে। তবে তাঁর আশ্বাস, এই ত্রুটি সংশোধন করা হবে।
যদিও বিরোধীদের অভিযোগ, এত কম সময়ে তালিকা তৈরি করতে গিয়ে তাড়াহুড়ো করায় একাধিক অনিয়ম ঘটেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ‘ঠিকানা-বিভ্রাট’, যা প্রশ্ন তুলছে, এসআইআরের তথ্য সংগ্রহ পদ্ধতি নিয়ে। অনেকেই বলছেন, তথ্য সংগ্রহের সময় কি আদৌ নিয়ম মানা হয়েছিল?