সিসি ফুটেজে-সহ বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে কল্যাণী রঘুবংশীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এদিকে এরপর থেকেই তিনি নিখোঁজ। তাঁকে ধরতে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

মহিলা পুলিশ আধিকারিকের বিরুদ্ধে চুরির গুরুতর অভিযোগ
শেষ আপডেট: 30 October 2025 12:07
দ্য ওয়াল ব্যুরো: আইনের রক্ষকই অপরাধী! মধ্যপ্রদেশে এক মহিলা পুলিশ আধিকারিকের বিরুদ্ধে চুরির গুরুতর অভিযোগ। এক বন্ধুর বাড়ি থেকে নগদ টাকা ও মোবাইল চুরির ঘটনায় অভিযুক্ত হয়েছেন ভোপালের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) কল্যাণী রঘুবংশী। এখানেই শেষ নয়! তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হতেই গা ঢাকা দিয়েছেন তিনি।
ভোপালের জাহাঙ্গিরাবাদ থানা এলাকার এক বাসিন্দার বাড়িতে চুরির ঘটনাটি ঘটেছে। এক মহিলা বন্ধুর বাড়িতে গেছিলেন ডিএসপি রঘুবংশী। সেই সময় বাড়ির মালিক স্নান করতে যান। তার আগে তিনি নিজের মোবাইল ফোন চার্জে দিয়ে রেখেছিলেন। অভিযোগ, সেই সুযোগে ডিএসপি রঘুবংশী তাঁর ব্যাগে রাখা আরও একটি ফোন এবং ২ লক্ষ টাকা নগদ নিয়ে সেখান থেকে পালিয়ে যান।
স্নান সেরে এসে আর ডিএসপিকে দেখতে পাননি অভিযোগকারী মহিলা। এরপরই টের পান যে তাঁর ফোন ও নগদ টাকাও উধাও। বাড়ির সিসি ফুটেজ পরীক্ষা করলে দেখতে পান, পুলিশ আধিকারিকই হাতে টাকা নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। দ্রুত থানায় গিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
সিসি ফুটেজে-সহ বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে কল্যাণী রঘুবংশীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এদিকে এরপর থেকেই তিনি নিখোঁজ। তাঁকে ধরতে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
ভোপাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, অভিযোগকারীর মোবাইল ফোনটি ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। সেটি অভিযুক্তের বাড়ি থেকেই পাওয়া গিয়েছে। তবে চুরি যাওয়া ২ লক্ষ টাকার কোনও হদিস এখনও মেলেনি।
এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশ পুলিশে। এক সিনিয়র মহিলা অফিসারের এমন কাজ পুলিশের ভাবমূর্তিতে বড় ধাক্কা দিয়েছে। জানা গেছে, রাজ্য পুলিশ সদর দফতর অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের প্রস্তুতি নিচ্ছে।
পুলিশের শীর্ষ কর্তারা জানিয়েছেন, এই ঘটনায় কোনও প্রভাবশালী অফিসারকে রক্ষা করা হবে না। তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষভাবে চলবে। এক অফিসারের এমন আচরণে প্রশ্ন উঠছে পুলিশের সততা ও দায়বদ্ধতা নিয়ে। ঘটনায় জনসাধারণের মনে তীব্র প্রতিক্রিয়াও তৈরি হচ্ছে।