মামুলি বলা-কওয়া নয়, দ্রুত লয়ে ছবি ভিডিওর সঙ্গে গানের সুরে-তালে বেজেছে হিন্দি কবি রামধারী সিংহ 'দিনকরের' (Dinkar) লেখা 'রশ্মীরথী' কাব্যের 'প্রার্থনা নয়, এ বার যুদ্ধ / জীবন জয়, নয়তো মৃত্যু'।

ভারতীয় এয়ার মার্শাল এ কে ভারতী
শেষ আপডেট: 13 May 2025 09:13
দ্য ওয়াল ব্যুরো: সোমবার যখন দুপুরবেলা অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে ভারতীয় সেনাকর্তারা (Indian Army) সাংবাদিক বৈঠক (Press Brief) শুরু করেছেছিলেন, তার আগে বড় পর্দায় একটি অডিও ভিজুয়াল দেখানো হয়। যেখানে ভারতীয় সেনার হামলায় পাকিস্তানের (Pakistan) সামরিক ক্ষয়ক্ষতির কথা বলা হচ্ছিল। সেই বলা মামুলি বলা-কওয়া নয়, দ্রুত লয়ে ছবি ভিডিওর সঙ্গে গানের সুরে-তালে বেজেছে হিন্দি কবি রামধারী সিংহ 'দিনকরের' (Dinkar) লেখা 'রশ্মীরথী' কাব্যের 'প্রার্থনা নয়, এ বার যুদ্ধ / জীবন জয়, নয়তো মৃত্যু'।
ভিজুয়াল ততক্ষণে শেষ হয়েছে। সামনে জায়ান্ট স্ক্রিনের সামনে বসা সেনার তিন বাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (DGMO)। প্রশ্ন নেওয়া শুরু হতেই এক সাংবাদিক এয়ার মার্শাল এ কে ভারতীকে (AK Bharati) প্রশ্ন করেন, রোববারের বৈঠকে শিবস্তোত্র, সোমবার দিনকর, ভারতীয় সেনা কী বার্তা দেওয়ার চেষ্টা করছে?
বীররসবোধি এয়ার মার্শাল ওই সাংবাদিকের প্রশ্নের জবাবে গড়গড় করে বলতে শুরু করলেন 'রামচরিতমানস' (Ramcharitmanas)। এ কে ভারতী বলেন, 'বিনতি শোনে না জলধি অসাড় / তিন দিন গেল এ রীতি / সক্রোধে তখন বলেন রাম / ভয় ছাড়া হয় না প্রীতি।'
অনেক রকম মিষ্টি কথা বলেও যখন চিঁড়ে ভিজল না, সমুদ্র পথ তৈরি করে দিল না, তখন রামচন্দ্র ধনুক তুলে ধরে এই কথাগুলিই বলেছিলেন তুলসীদাসের কাব্যে। ব্যাখ্যায় না গিয়ে সেনাকর্তা শুধু এটুকু বলেন 'সমাঝদারের জন্য ইশারাই যথেষ্ট।'
বলিষ্ঠ কণ্ঠস্বর, দীপ্ত দৃষ্টি এবং নির্ভীক বডি ল্যাঙ্গুয়েজ। একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার বিবরণ দিচ্ছেন। সঙ্গে উপযুক্ত তথ্য ও ছবি। ‘অপারেশন সিঁদুর’-এর নিখুঁত বিবরণ দিয়েছেন সাংবাদিক বৈঠকে। গোটা দেশ মুগ্ধ চোখে দেখেছে এয়ার মার্শাল অবধেশ কুমার ভারতীর উপস্থাপনা। ভারতীয় সেনাবাহিনীতে তাঁর কর্মজীবনের সাফল্য যেমন চমকে দেওয়ার মতো, তেমনই তাঁর রসবোধও তুলনাতিত।