প্রথমবার ভারতীয় মুদ্রায় ভারতমাতার ছবি! আরএসএসের শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ করলেন বিশেষ ১০০ টাকার স্মারক মুদ্রা ও ডাকটিকিট। ঐতিহাসিক এই মুহূর্তে উচ্ছ্বাস দেশজুড়ে।

কয়েন ও ডাক টিকিট প্রকাশের মুহূর্ত
শেষ আপডেট: 1 October 2025 20:41
দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শতবর্ষ পূর্তি উপলক্ষে বুধবার একটি বিশেষ ডাকটিকিট এবং স্মারক মুদ্রা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার ভারতমাতার ছবি দেখা গেল কোনও ভারতীয় মুদ্রায়।
নতুন ১০০ টাকার স্মারক মুদ্রার এক পাশে জাতীয় প্রতীক আর অন্য পাশে ভারতমাতার এক ছবি সঙ্গে সিংহ। তাঁর সামনে নতজানু অবস্থায় দেখা গিয়েছে স্বয়ংসেবকদের। মুদ্রায় খোদাই করা হয়েছে আরএসএস-এর মূলমন্ত্র: 'রাষ্ট্রে স্বাহা, ইদম্ রাষ্টায়, ইদম্ ন মম' অর্থাৎ 'সব কিছু দেশের জন্য, সব দেশেরই, আমার কিছু নয়।'
এই বিশেষ মুহূর্তে প্রধানমন্ত্রী বলেন, 'স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার ভারতমাতার ছবি মুদ্রায় স্থান পেয়েছে। এটি আমাদের সকলের জন্য গর্বের এবং ঐতিহাসিক এক মুহূর্ত।'
এর পাশাপাশি প্রকাশিত ডাকটিকিটে উঠে এসেছে ১৯৬৩ সালের প্রজাতন্ত্র দিবস প্যারেডে আরএসএস স্বয়ংসেবকদের অংশগ্রহণের মুহূর্ত। প্রধানমন্ত্রী জানান, এই পদক্ষেপ কেবল ভারতমাতাকে শ্রদ্ধা জানানোর জন্যই নয়, আরএসএস-এর শতবর্ষব্যাপী সমাজসেবামূলক কাজ ও জাতি গঠনের যাত্রার প্রতীক।
সংস্কৃতি মন্ত্রক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএস-এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং সংস্কৃতি মন্ত্রী।
উল্লেখ্য, ১৯২৫ সালে নাগপুরে কেশব বালিরাম হেডগেওয়ার আরএসএস প্রতিষ্ঠা করেন। সাংস্কৃতিক সচেতনতা, শৃঙ্খলা, সমাজসেবা ও দায়িত্ববোধ গড়ে তোলার উদ্দেশ্যেই এই সংগঠনের সূচনা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদী নিজেও একসময় আরএসএস-এর ‘প্রচারক’ ছিলেন একসময়ে। পরে তিনি বিজেপিতে যোগ দেন, যে দলটি আরএসএস-এর হিন্দুত্ববাদী দর্শন থেকে মতাদর্শগত অনুপ্রেরণা পায়।
শতবর্ষ উদ্যাপন উপলক্ষে এই প্রকাশনা আরএসএস-এর সমাজসেবামূলক কাজকেও সামনে এনেছে, রক্তদান শিবির থেকে শুরু করে খাদ্য বিতরণ, কেদারনাথ ও বিহার বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় ভূমিকা নেওয়া, এমনকি কোভিড অতিমারির সময়ে ত্রাণসেবার কথাও তুলে ধরা হয়েছে।