দেশের সুরক্ষায় কেন্দ্রীয় সরকার এবং তাঁদের সিদ্ধান্তের সমর্থন করবে বলেই স্পষ্ট করেছে বিরোধী রাজনৈতিকগুলি।

ভগবন্ত মান
শেষ আপডেট: 3 June 2025 17:10
দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম হামলার (Pahalgam Attack) বদলা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারত 'অপারেশন সিঁদুর' অভিযান (Operation Sindoor) করেছিল। বলাই বাহুল্য, এই নামকরণের পর থেকেই দেশজুড় সিঁদুর নিয়ে চর্চা বহুগণ বেড়ে গেছে। কিন্তু বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, আদত ইচ্ছে করে এই নামকরণ করে এখন সিঁদুর নিয়ে ভোট-রাজনীতিতে নেমেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। সম্প্রতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি নেতা ভগবন্ত মান (Bhagwant Mann) বিস্ফোরক এক মন্তব্য করেছেন। সে নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
দেশের সুরক্ষায় কেন্দ্রীয় সরকার এবং তাঁদের সিদ্ধান্তের সমর্থন করবে বলেই স্পষ্ট করেছে বিরোধী রাজনৈতিকগুলি। তবে সময়-সময়ে দেখা যাচ্ছে, 'অপারেশন সিঁদুর' নামটি নিয়ে নানা প্রশ্ন তোলা হচ্ছে। কয়েকদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, এই অভিযানের নামটি রাজনৈতিক স্বার্থে দেওয়া হয়েছে। এবার কার্যত একইরকম দাবি করে আরও বিতর্কিত মন্তব্য করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।
বিজেপি দেশজুড়ে 'অপারেশন সিঁদুর'-এর প্রচারপর্ব শুরু করেছে। তাদের দলীয় সভা বা অনুষ্ঠানে সিঁদুর এবং জাতীয় পতাকার ব্যবহারও বেশি লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়টি নিয়েই ঘোরতর আপত্তি করেছেন ভগবন্ত মান। তাঁর বক্তব্য, ''সিঁদুরকে নিয়ে ছেলেখেলা শুরু করেছে বিজেপি। মনে হচ্ছে এটা ওয়ান নেশন-ওয়ান হাজবেন্ড প্রকল্প (One Nation One Husband Scheme)।'' কেন এমন মন্তব্য করলেন তিনি?
মানের কথায়, 'অপারেশন সিঁদুর'-এর নাম করে ভোট নেওয়ার চেষ্টা করছে বিজেপি। হিন্দুদের ভাবাবেগে আদতে তাঁরাই আঘাত করছে কারণ সিঁদুরকে হাসির খোরাক বানিয়ে দেওয়া হয়েছে। তাঁর কটাক্ষ, ''প্রতি ঘরে ঘরে সিঁদুর পাঠাচ্ছে বিজেপির লোকেরা। প্রধানমন্ত্রী মোদীর নামে সব মহিলারা সিঁদুর দেবেন নাকি? এটি কি ওয়ান নেশন-ওয়ান হাজবেন্ড প্রকল্প?'' স্বাভাবিকভাবেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে কাঁটাছেঁড়া শুরু হয়েছে।
এই বিষয়টিও ঠিক, 'অপারেশন সিঁদুর'-এর পর যে কটি রাজনৈতিক সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে এই অভিযান নিয়ে বিস্তর মন্তব্য করেছেন। তাঁর ভাষণের বেশিরভাগ শব্দবন্ধই পাকিস্তানকে বিঁধেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে এসে মোদী বলেছিলেন, তাঁর শিরায় শিরায় গরম রক্তের বদলে সিঁদুর বইছে! প্রধানমন্ত্রী পাকিস্তানকে উদ্দেশ্য করে ফের হুঁশিয়ারি দিয়ে এও বলেছিলেন, ২২ তারিখ যারা মা-বোনেদের সিঁদুর মুছে দিয়েছিল তাদের হামলার বদলা ২২ মিনিটেই নিয়েছে দেশ। বারবার এই সিঁদুরের প্রসঙ্গ ওঠা নিয়েই হয়তো অসন্তোষ ভগবন্ত মানের।