হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দুই তরুণীকে নগ্ন হতে বাধ্য করে। বলা হয়, তাঁদের শরীরে গুলি লাগার চিহ্ন বা ট্যাটু আছে কি না, তা পরীক্ষার জন্য এই ‘শারীরিক পরীক্ষা’ জরুরি!

প্রতীকী ছবি
শেষ আপডেট: 23 July 2025 12:51
দ্য ওয়াল ব্যুরো: পুলিশের নাম করে ভয় দেখিয়ে নগ্ন করে ব্ল্যাকমেল! ভয়াবহ সাইবার অপরাধের (Cyber Fraud) শিকার হলেন বেঙ্গালুরুর দুই তরুণী (Bengaluru Women)। মুম্বই পুলিশের পরিচয় দিয়ে একদল প্রতারক তাঁদের ভিডিও কল করে (Digital Arrest) হেনস্থা করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে গত ১৭ জুলাই।
সূত্রের খবর, ওইদিন দুই তরুণীর মধ্যে একজনের কাছে একটি ফোন আসে। কলের ওপারে থাকা ব্যক্তিরা নিজেদের পরিচয় দেয় মুম্বইয়ের কোলাবা থানার পুলিশ (Mumbai Police) হিসেবে। ভয় ধরানোর কৌশলে তাঁরা বলেন, ওই তরুণী জেট এয়ারওয়েজ সংক্রান্ত এক আর্থিক জালিয়াতি মামলায় জড়িত। আরও গুরুতর অভিযোগ তুলে বলা হয়, তাঁর বিরুদ্ধে মানব পাচার ও খুনের মতো অপরাধেও সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে।
প্রতারকদের হাতে তরুণীর আধার নম্বর-সহ একাধিক ব্যক্তিগত তথ্য ছিল। এছাড়া তাঁদের দেখানো হয় এক ভুয়ো গ্রেফতারি পরোয়ানাও। এরপর তাঁদের থেকে ৫৮ হাজার ৪৭৭ টাকা নেয় তারা এই দাবি করে যে, আরবিআই ও সিবিআইয়ের গাইডলাইনের ভিত্তিতেই এই টাকা ‘ভেরিফিকেশনের’ জন্য দিতে হবে।
এখানেই শেষ নয়। প্রতারকরা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দুই তরুণীকে নগ্ন হতে বাধ্য করে। বলা হয়, তাঁদের শরীরে গুলি লাগার চিহ্ন বা ট্যাটু আছে কি না, তা পরীক্ষার জন্য এই ‘শারীরিক পরীক্ষা’ জরুরি! ভয় দেখিয়ে বলা হয়, তাঁরা এখন ‘ডিজিটাল ও হোম অ্যারেস্ট’-এর মধ্যে রয়েছেন, পুলিশের নজরে রয়েছেন, এবং ক্যামেরা বন্ধ করলে আরও বিপদ হবে।
এই ভাবেই প্রায় ৯ ঘণ্টা ধরে চলতে থাকে নজরদারি। কিন্তু রাত ৮টা নাগাদ এক তরুণী কোনও ভাবে এক বন্ধুকে এই ঘটনার কথা জানিয়ে দেয়। সেখান থেকেই ফাঁস হয়ে যায় প্রতারণার পুরো ছক।
পরদিন দুই তরুণী যান থানায়। পরে তাঁরা অভিযোগ দায়ের করেন শিবাজিনগরের সাইবার ও ইকনমিক অফেন্স শাখায় (CEN Crime Branch)। পুলিশের হাতে তুলে দেওয়া হয় প্রতারকদের ফোন নম্বর এবং একটি ইউপিআই লেনদেনের তথ্য, যেটি ফোনপে-র মাধ্যমে একজন অভিষেক এস পি নামে ব্যক্তির অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল।
পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। তরুণীরা অনুরোধ করেছেন, তাঁদের সঙ্গে ঘটে যাওয়া ভিডিও কলের কোনও ফুটেজ যেন সোশ্যাল মিডিয়ায় না ছড়ায়, সেজন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।