পুলিশ সূত্রের দাবি, বারবার আয়কর হানার কারণে মানসিকভাবে চাপে ছিলেন তিনি।
.jpeg.webp)
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 31 January 2026 07:25
দ্য ওয়াল ব্যুরো: আয়কর হানার মাঝেই মর্মান্তিক পরিণতি। শুক্রবার বেঙ্গালুরুতে নিজের অফিসে গুলিতে মৃত্যু হল একটি রিয়েল এস্টেট সংস্থার চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সি জে রয়ের (Bengaluru Real Estate Tycoon, Under Tax Scrutiny, Dies By Suicide In Office)। পুলিশের প্রাথমিক অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার অন্তর্গত এলাকায়।
বেঙ্গালুরু পুলিশ কমিশনার সীমন্ত কুমার সিং সাংবাদিকদের জানান, শুক্রবার দুপুর ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ওই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় রয়ের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কমিশনারের কথায়, ‘‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওই সংস্থার চেয়ারম্যান নিজেই গুলি চালিয়েছেন। তবে তদন্ত না শেষ হওয়া পর্যন্ত চূড়ান্ত কিছু বলা যাবে না।’’
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত তিন দিন ধরেই রয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থায় আয়কর হানা চলছিল। বৃহস্পতিবার সকালে আয়কর দফতর তাঁর সংস্থাগুলিতে তল্লাশি চালায়। সেই তল্লাশিতেই নাকি তাঁর ঘোষিত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের হদিস মেলে। শুক্রবারও আয়কর আধিকারিকেরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছিলেন বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। তদন্তকারী দলটি কেরল থেকে এসেছে বলেও জানা গিয়েছে।
এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠতে পারে কি না, এই প্রশ্নে পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতেই তদন্তের গতিপথ ঠিক হবে।
ঘটনার পরে সংশ্লিষ্ট রিয়েল এস্টেট গ্রুপ তাদের ফেসবুক পেজে শোকবার্তা প্রকাশ করে। সেখানে চেয়ারম্যানকে ‘প্রিয় নেতা’ বলে উল্লেখ করে লেখা হয়েছে, তাঁর দেখানো পথ ও মূল্যবোধই আগামী দিনে সংস্থার পথচলার দিশা হয়ে থাকবে। সংস্থার তরফে জানানো হয়েছে, এই আকস্মিক ও অপূরণীয় ক্ষতিতে গোটা কনফিডেন্ট পরিবার শোকস্তব্ধ।
কেরলের কোচির বাসিন্দা সি জে রয় দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে, বিশেষ করে কেরল ও কর্ণাটকে রিয়েল এস্টেট ব্যবসায় সুপরিচিত মুখ ছিলেন। বিলাসবহুল গাড়ির সংগ্রহের জন্যও তিনি পরিচিত ছিলেন। পুলিশ সূত্রের দাবি, বারবার আয়কর হানার কারণে মানসিকভাবে চাপে ছিলেন তিনি। এই মৃত্যুর নেপথ্যে ঠিক কী ঘটেছে, তার উত্তর খুঁজতেই তদন্তে নেমেছে পুলিশ।