কেবিনের দরজা বন্ধ করে মেয়েটিকে জড়িয়ে ধরে বাসচালক। অশালীন আচরণও করে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 12 September 2025 21:16
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর একটি বেসরকারি বাসে এক নাবালিকা যাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে চালককে প্রকাশ্যেই মারধর করলেন কিশোরীর পরিবারের সদস্যরা। অভিযুক্তের নাম মহাম্মদ আরিফ। জানা গিয়েছে, ২২ বছরের ওই যুবক তেলঙ্গানার হায়দরাবাদের বাসিন্দা এবং ওই বাসের ‘স্পেয়ার’ ড্রাইভার ছিলেন।
কীভাবে ঘটনার সূত্রপাত?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৫ বছরের ওই কিশোরী দিদির বাড়িতে কয়েকদিন কাটাতে হায়দরাবাদ গিয়েছিল। বুধবার রাতে একটি স্লিপার বাসে চেপে সে বেঙ্গালুরু ফিরছিল। বাসের টিকিট বুক করে দিয়েছিলেন তার দিদি।
রাত প্রায় একটা নাগাদ কিশোরীর ফোনের চার্জ শেষের দিকে চলে আসে। সে বাসের চালকের কাছে গিয়ে ফোন চার্জে দেওয়ার অনুরোধ করে। কিছুক্ষণ পরে ফোন ফেরত নিতে গেলে চালক নাকি বিনিময়ে তাকে চুমু খাওয়ার দাবি জানায়। পুলিশ জানায়, মেয়েটি কোনওরকমে ফোনটি ফিরিয়ে নিলেও আতঙ্কে তৎক্ষণাৎ পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে।
বৃহস্পতিবার সকালে বাসটি বেঙ্গালুরুর চালুক্য সার্কেলে পৌঁছনোর পর কিশোরীর পরিবারের সদস্যরা সেখানে হাজির হন। তাঁরা চালককে টেনে নামিয়ে শার্ট ও প্যান্ট ছিঁড়ে দেয়। মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন। ঘটনাটি দেখে আশপাশের কিছু স্থানীয় মানুষও পরিবারের পাশে দাঁড়ান। তাঁরাও অভিযুক্তকে পেটাতে শুরু করেন।
কিশোরীর মা জানিয়েছেন, অভিযুক্ত শুধু চুমু খাওয়ার দাবি করেই চুপ থাকেনি। কেবিনের দরজা বন্ধ করে মেয়েকে জড়িয়ে ধরে সে। অশালীন আচরণও করেছে তাঁর মেয়ের সঙ্গে। তিনি অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন।
পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত মহম্মদ আরিফকে গ্রেফতার করেন। তাঁর বিরুদ্ধে শিশুদের যৌন অপরাধ প্রতিরোধ আইন (POCSO Act) অনুযায়ী মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং কিশোরীর বয়ান রেকর্ড করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।