গত সপ্তাহে ‘আই লাভ মহম্মদ’ পোস্টার ঘিরে যে বিতর্ক তাতেই বরেলিতে হিংসা ছড়ায়। নামাজের পর মসজিদের বাইরে প্রায় দু’হাজার জন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ফাইল ছবি
শেষ আপডেট: 3 October 2025 14:21
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার নামাজের আগে থেকে ফের উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলিতে (Bareilly) চরম সতর্কতা জারি হয়েছে। গোটা শহরে ইন্টারনেট পরিষেবা (Internet) বন্ধ, রাস্তাঘাট কার্যত ফাঁকা, চারদিকে মোতায়েন হয়েছে নিরাপত্তা বাহিনী।
গত সপ্তাহে ‘আই লাভ মহম্মদ’ (I Love Muhammad Row) পোস্টার ঘিরে যে বিতর্ক তাতেই বরেলিতে হিংসা ছড়ায়। নামাজের পর মসজিদের বাইরে প্রায় দু’হাজার জন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনায় ৮১ জনকে গ্রেফতার করা হয়।
এরপর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার বিকেল ৩টে থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে বরেলি-সহ আশপাশের চার জেলায়। শনিবার বিকেল ৩টা পর্যন্ত মোবাইল ডেটা, ব্রডব্যান্ড, ওয়াই-ফাই—সব ধরনের ইন্টারনেট ও এসএমএস পরিষেবা বন্ধ থাকবে। প্রশাসনের দাবি, ভুয়ো খবর রটানো ও সামাজিক মাধ্যমে উসকানি রুখতেই এই পদক্ষেপ।
পথে সেনা, আকাশে ড্রোন
শুধু ইন্টারনেট বন্ধ নয়, গোটা শহরে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, পিএসি ও র্যাফ নামানো হয়েছে রাস্তায়। আকাশে নজরদারিতে ড্রোনও ব্যবহার করছে প্রশাসন।
বরেলিকে ভাগ করা হয়েছে চারটি সুপার জোন ও চারটি বিশেষ জোনে। প্রতিটি অঞ্চলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসন স্পষ্ট জানিয়েছে, নামাজ শেষে ধর্মীয় নেতাদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শাহজাহানপুর, পিলভিট সহ আরও একাধিক জেলাতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সংবেদনশীল জায়গাগুলিতে কড়া নিরাপত্তা রাখা হচ্ছে, যাতে বেয়ারেলির অশান্তি আশপাশের জেলায় না ছড়ায়।
হিংসার সূত্রপাত কোথা থেকে
গত সপ্তাহে ধর্মীয় নেতা তৌকির রাজা খান ‘আই লাভ মহম্মদ’ প্রচারের সমর্থনে মিছিল ডাকেন। কিন্তু শেষ মুহূর্তে তিনি ঘোষণা করেন, অনুমতি না মেলায় মিছিল বাতিল। তাতেই উত্তেজিত হয়ে পড়ে জনতা। শুরু হয় পাথর ছোড়া ও পুলিশের সঙ্গে সংঘর্ষ।
এদিকে এ সপ্তাহের নামাজের আগে আলা হজরত দরগার প্রধান মৌলানা আহসান রাজান খান শান্তির আবেদন করেছেন। স্থানীয় মুসলিমদের উদ্দেশে তাঁর অনুরোধ, নামাজ শেষে বাড়ি ফিরে যেতে।
বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে স্বাভাবিক ভাবে। এআইএমআইএ নেতা আসাউদ্দিন ওয়েইসি মন্তব্য করেছেন, কী বিচিত্র দেশ! এদেশে আই লাভ মোদী বললে মিডিয়া পর্যন্ত হাততালি দেয়। অথচ আই লাভ মহম্মদ বলা অপরাধ। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বরেলির পর মহারাষ্ট্রের অহল্যানগরেও এই ইস্যুতে গোলমাল হয়েছে।