২৭ জানুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। ২৫-২৬ জানুয়ারি ছুটি থাকায় টানা তিন দিন সরকারি ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা। কোন ব্যাঙ্কে প্রভাব পড়বে, কী বলছে ইউনিয়ন—জানুন বিস্তারিত।

ছবি: এআই
শেষ আপডেট: 25 January 2026 11:37
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৭ জানুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হতে পারে। ব্যাঙ্ক কর্মচারী সংগঠনগুলির ডাকে ওই দিন জাতীয় স্তরে ধর্মঘটের (bank strike) ঘোষণা করা হয়েছে। পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করার ব্যাপারে ব্যাঙ্ক কর্মীদের বহুদিনের দাবি রয়েছে। তা বাস্তবায়নের জন্য চাপ দিতেই এই আন্দোলন। ধর্মঘট কার্যকর হলে ২৫ ও ২৬ জানুয়ারি আগেই ছুটি থাকায় টানা ৩ দিন সরকারি ব্যাঙ্কের পরিষেবা বন্ধ বা ব্যাহত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
ব্যাঙ্ক কর্মচারী সংগঠনগুলির প্রধান সংস্থা ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (United Forum of Bank Unions UFBU) জানিয়েছে, ২০২৪ সালের মার্চে মজুরি সংশোধন চুক্তির সময়ে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের (Indian Banks’ Association IBA) সঙ্গে সব শনিবার ছুটি রাখার বিষয়ে সমঝোতা হয়েছিল। কিন্তু এখনও সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি—এই কারণেই ধর্মঘটের পথে হাঁটছে ইউনিয়নগুলি।
ধর্মঘট নোটিসের পর চিফ লেবার কমিশনারের উদ্যোগে মীমাংসা বৈঠক হলেও কোনও ইতিবাচক ফল হয়নি বলে দাবি ইউনিয়নগুলির। শনিবার সন্ধ্যা পর্যন্ত UFBU জানিয়েছে, তারা ধর্মঘটের সিদ্ধান্তেই অনড়।
কোন কোন ব্যাঙ্কে প্রভাব পড়তে পারে?
ধর্মঘটে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সরকারি ব্যাঙ্কগুলিতে—যেমন স্টেট ব্যাঙ্ক (State Bank of India (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank), ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India), ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে।
বর্তমানে ব্যাঙ্ক কর্মীরা প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি পান। ফলে বেশিরভাগ সপ্তাহেই ছয় দিনের কাজ করতে হয়। ইউনিয়নগুলির বক্তব্য, পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু হলেও কাজের সময় নষ্ট হবে না—কারণ সোমবার থেকে শুক্রবার প্রতিদিন অতিরিক্ত ৪০ মিনিট কাজ করতে কর্মীরা রাজি হয়েছেন।
ইউনিয়ন আরও যুক্তি দিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক (RBI), এলআইসি ( LIC), স্টক এক্সচেঞ্জ ও বহু সরকারি দফতরে ইতিমধ্যেই পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু রয়েছে। তাহলে ব্যাঙ্কগুলির ক্ষেত্রে ছয় দিনের কাজ চালু থাকার কোনও যুক্তি নেই।
গ্রাহকদের জন্য কী বার্তা?
বেশিরভাগ সরকারি ব্যাঙ্ক আগাম গ্রাহকদের সতর্ক করেছে—ধর্মঘট হলে শাখা পরিষেবা, চেক ক্লিয়ারেন্স ও কাউন্টার সংক্রান্ত কাজ ব্যাহত হতে পারে। তবে বড় বেসরকারি ব্যাঙ্ক—এইচডিএফসি (HDFC Bank), আইসিআইসিআই (ICICI Bank), কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক (Kotak Mahindra Bank)—এই ধর্মঘটে সাধারণত প্রভাবিত হওয়ার কথা নয়।
গ্রাহকদের প্রয়োজনীয় ব্যাঙ্কিং কাজ আগেভাগেই সেরে নেওয়ার পরামর্শ দিচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।