
শেষ আপডেট: 18 January 2024 22:32
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মামুদ আগামী ৭ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন। তিনদিনের সফরে তিনি প্রথমে দিল্লি যাবেন। দেশে ফেরার পথে কিছু সময়ের জন্য কলকাতায় আসতে পারেন।
আগের মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনকে এবার বাদ দিয়েছেন হাসিনা। মোমেনের চিন প্রীতি দল ও সরকারের অনেকেরই পছন্দ ছিল না। হাসিনাও উপলব্ধি করেছেন, মোমেনের চিন ঘেষা পদক্ষেপ ভারত ভালভাবে নেবে না।
বৃহস্পতিবার হাছান ঢাকায় তাঁর দিল্লি সফরের কথা জানিয়ে বলেন, আলোচ্য চূড়ান্ত না হলেও দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা হবে।
আগের মন্ত্রিসভায় তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বে ছিলেন। সেই সময় ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়। দু দেশের যৌথ প্রযোজনায় তৈরি হয় বেশ।কিছু সিনেমা। পরিবেশ বিজ্ঞানের কৃতী ছাত্র হাছান এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন। ফলে বিদেশ নীতি এবং ভারতের সঙ্গে সম্পর্কের সমীকরণ তাঁর আয়ত্বের মধ্যে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনি বিশেষ আস্থাভাজন। দল ও সরকারে তাঁর ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন তিনি।
কূটনৈতিক মহল মনে করছে, বিদেশমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর হাছানকে বিদেশ সফরে প্রথমেই দিল্লি পাঠানো শেখ হাসিনার সিদ্ধান্ত কূটনৈতিক সমীকরণের মানদণ্ডে অনেক বার্তাবাহী।
সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আমেরিকার লাগাতার চাপের মুখে নয়াদিল্লি ধারাবাহিকভাবে ঢাকার পাশে থেকেছে। বস্তুত ভারতের চাপেই জো বাইডেন প্রশাসন নির্বাচনের মাস দেড়েক আগে থেকে বাংলাদেশকে লক্ষ্য করে তীর নিক্ষেপ বন্ধ রাখে। আবার ভোট আন্তর্জাতিক মানদণ্ড মেনে হয়নি বলে ওয়াশিংটন বিবৃতি দিলেও ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশের সঙ্গে শিল্প-বাণিজ্য প্রসারে আলাপ আলোচনা শুরু করেছেন নতুন মন্ত্রীদের সঙ্গে। সেই কাজে আবার ঢাকার ভারতীয় দূতাবাসের তৎপরতা সবচেয়ে বেশি। ভারতের হাই কমিশনার প্রধানমন্ত্রী হাসিনা, বিদেশ মন্ত্রী হাছান মামুদের পর বৃহস্পতিবার বৈঠক করেন বাংলাদেশের নতুন টেলিকম মন্ত্রী জুনেইদ আহমেদ পলকের সঙ্গে। মার্কিন রাষ্ট্রদূতও এই নবীন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।
হাছানকে এর আগে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর হয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে আসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। প্রধানমন্ত্রীর পাশাপাশি বিদেশমন্ত্রী হাছানও শুভেচ্ছা জানাতে যাওয়া বিদেশি রাষ্ট্রদূতদের মধ্যে প্রথমে ভারতের হাই কমিশনারকে ডেকে নিয়েছিলেন। আবার বিদেশি রাষ্ট্রপ্রধানদের মধ্যে নরেন্দ্র মোদীই প্রথম হাসিনাকে ফোনে টানা চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠিয়েছিল ভারতের নির্বাচন কমিশন। তাঁরা পড়শি দেশের ভোট হিংসা মুক্ত পরিবেশে হয়েছে বলে প্রতিক্রিয়া দিয়েছে।
কূটনৈতিক মহল মনে করছে হাসিনার পরামর্শে হাছান প্রথমেই দিল্লি সফরে আসছেন। বিদেশমন্ত্রী জয়শঙ্কর ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।