কাগজপত্র ও প্রমাণ ছাড়াই কোনও লোকজনকে ঠেলে বাংলাদেশের সীমান্ত পার করানোর চেষ্টা হলে সেদেশের সেনাবাহিনীও তা ঠেকাতে প্রস্তুত।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 27 May 2025 14:11
দ্য ওয়াল ব্যুরো: ভারত অবৈধ বাংলাদেশি তকমা দিয়ে যাকেতাকে ঠেলে পাঠানোর চেষ্টা করলে তা রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিল বাংলাদেশ সেনাবাহিনী। প্রসঙ্গত, ভারতে বহু বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছে এ অভিযোগ দীর্ঘদিনের। কয়েক মাস যাবৎ এনিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিককে পাকড়াও করেছে পুলিশ। এখন কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, তাঁদের নিজের দেশের সীমান্ত পার করে দেওয়া হবে। নয়াদিল্লির এই চেষ্টাকে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের এক শীর্ষস্থানীয় সেনা অফিসার।
ওই সেনাকর্তা বলেন, কাগজপত্র ও প্রমাণ ছাড়াই কোনও লোকজনকে ঠেলে বাংলাদেশের সীমান্ত পার করানোর চেষ্টা হলে সেদেশের সেনাবাহিনীও তা ঠেকাতে প্রস্তুত। এভাবে সীমানা পার করা মেনে নেওয়া যায় না। মানবেও না বাংলাদেশ সেনা। বাংলাদেশের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ নাজিম-উদ-দৌলা সোমবার সাংবাদিকদের বলেন, দেশের সীমান্তরক্ষী বাহিনী তাদের কর্তব্য পালন করে চলেছে। এবং খুব তৎপরতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করছে।
রাজধানী দিল্লি, মুম্বইসহ দেশের বিভিন্ন কোণা থেকে বেশ কয়েক মাস ধরে পুলিশি অভিযানে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরপাকড় চলছে। তার মধ্যে অনেক বাংলাদেশি নাগরিক আছেন। তাঁদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (BGB) হাতে তুলে দেওয়া হচ্ছে। ২০১৬ সালে সরকারি একটি তথ্য বলছে, ভারতে কমপক্ষে ২ কোটি নথিপত্রহীন অবৈধ অনুপ্রবেশকারী বসবাস করছে।
ঢাকাও সম্প্রতি ভারতের এই সিদ্ধান্তের জবাবে জানিয়েছে, এরকমটা ঘটলে তারাও সেদেশে বসবাসকারী অবৈধ ভারতীয়দের কূটনৈতিক আশ্রয় নিয়ে ফেরত পাঠাবে। বাংলাদেশি সেনাকর্তা আরও জানান, বিজিবি সতর্ক নজর রাখলেও দরকার হলে সেনাবাহিনীও হস্তক্ষেপ করবে। বিজিবির সঙ্গে সেনাও এই ধরনের কাজ রুখে দিতে পাশে দাঁড়াবে।
উল্লেখ্য, গতবছর ভারত ২৯৫ জন বাংলাদেশিকে সীমানা পার করেছিল, এপ্রিল ৩০-এর মধ্যে ১০০ জন। জয়পুর পুলিশ জানুয়ারিতে ৫০০ জন রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করেছিল। এপ্রিলে আমদাবাদ ও সুরাত থেকে ১০০০ জনকে ধরা হয়েছিল।