দেরাদুনের এক বেসরকারি হাসপাতালে সিজারের পর প্রসূতির পেটে রয়ে গিয়েছিল ব্যান্ডেজ! সংক্রমণে মৃত্যু হল ২৬ বছরের তরুণীর।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 23 October 2025 12:01
দ্য ওয়াল ব্যুরো: প্রসবের পর পেটে রয়ে গেল ব্যান্ডেজ। সংক্রমণ ও তা ছড়িয়ে পড়ায় মৃত্যু হল এক ২৬ বছর বয়সি তরুণীর। দেরাদুনের বেসরকারি হাসপাতালে চরম উত্তেজনা, ঘটনার তদন্তে ইতিমধ্যেই চার সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রশাসন।
মৃতার পরিবারের অভিযোগ, জ্যোতি পাল নামে ওই তরুণীর জানুয়ারি মাসে বাচ্চা হয়। সিজার করেন চিকিৎসক, এরপর সেলাই করেন পেটের ভিতর ব্যান্ডেজ থাকা অবস্থায়। প্রথমে কোনও সমস্যা না হলেও পরে সংক্রমিত হয় পেটের ওই অংশ। কয়েক দিন পর থেকেই তলপেটে তীব্র ব্যথা শুরু হয়। সেই অবস্থাতেই তাঁকে ফের নিয়ে যাওয়া হয় ওই একই হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসকেরা সমস্যার প্রকৃত কারণ জানাতে পারেননি।
ক্রমশ অবস্থার অবনতি হতে থাকলে জ্যোতিকে অন্য এক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন, জ্যোতির পেটের ভিতরে রয়ে গিয়েছে ব্যান্ডেজের একটি অংশ। সেটির জন্যই ইনফেকশন এবং তা ছড়িয়ে পড়েছে। তাঁর স্বামী প্রজ্বল পাল অভিযোগ দায়ের করেন এবং তার পরই তদন্তের নির্দেশ দেওয়া হয়।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মনোজ শর্মার নেতৃত্বে চার সদস্যের যে তদন্ত কমিটি গঠিত হয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখবে বলে প্রশাসনিক সূত্রে খবর।
জ্যোতির মৃত্যুতে শোক ও ক্ষোভ ছড়িয়েছে পরিবার ও স্থানীয় মহলে। অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। তদন্ত কমিটি ইতিমধ্যেই হাসপাতাল প্রশাসনের কাছ থেকে নথি ও চিকিৎসা সংক্রান্ত তথ্য সংগ্রহ শুরু করেছে বলে জানা গিয়েছে।