মূল অভিযোগ, বিগত কিছু সময় ধরে সংস্থার তরফে এমন লেনদেন করা হয়েছে যা সন্দেহজনক।

বাবা রামদেব
শেষ আপডেট: 30 May 2025 20:24
দ্য ওয়াল ব্যুরো: বিভ্রান্তিকর বিজ্ঞাপনের পাশাপাশি ‘মিথ্যে’ প্রচারের অভিযোগ তো ছিলই। এবার কি তবে আর্থিক দুর্নীতিতেও নাম জড়িয়ে গেল বাবা রামদেবের (Baba Ramdev) সংস্থা পতঞ্জলির (Patanjali)? প্রশ্ন উঠবে কারণ সন্দেহজনক লেনদেনের (Fund Diversion) ইস্যুতে ইতিমধ্যে তাঁদের নোটিস (Notice) পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী ২ মাসের মধ্যে এই বিষয়ে জবাব দিতে বলা হয়েছে পতঞ্জলিকে।
কেন্দ্রীয় সরকারের কর্পোরেট বিষয়ক মন্ত্রক রামদেবের সংস্থাকে নোটিস পাঠিয়েছে। তাঁদের বিরুদ্ধে মূল অভিযোগ, বিগত কিছু সময় ধরে সংস্থার তরফে এমন লেনদেন করা হয়েছে যা সন্দেহজনক। সেই প্রেক্ষিতেই লেনদেনের বিস্তারিত রিপোর্ট-সহ নোটিসের জবাব চেয়েছে সরকার। আর নির্দিষ্ট সময়ের মধ্যে ওই জবাব না দিলে সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিভ্রান্তিকর এবং মিথ্যে প্রচারের যে অভিযোগ তাতে আদালতে একাধিকবার তিরস্কৃত হয়েছে পতঞ্জলি। বাবা রামদেব এবং বালকৃষ্ণকে আদালতে হাজিরা পর্যন্ত দিতে হয়েছে। সুপ্রিম কোর্ট এই ইস্যুতে তাঁদের কড়া ধমকও দিয়েছিল। পরবর্তী সময়ে জরিমানা ও ক্ষমা চেয়ে পরিস্থিতি সামাল দেন তাঁরা। কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন এবং আরও গুরুতর অভিযোগ উঠল তাঁদের বিরুদ্ধে।
সমস্যা আবার এখানেই শেষ নয়। পতঞ্জলির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার নোটিস দিয়েছে এই তথ্য প্রকাশ্যে আসার পর তার প্রভাব পড়েছে শেয়ার মার্কেটেও! সংস্থা থেকে বিনিয়োগ তুলে নিতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। ফলে পতঞ্জলির শেয়ারে পতন দেখা দিয়েছে। সব মিলিয়ে আবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এলেন রামদেব।