
শেষ আপডেট: 19 December 2023 16:53
দ্য ওয়াল ব্যুরো: বারাণসীর জ্ঞানবাপী মসজিদ নিয়ে মঙ্গলবার বড় রায় ঘোষণা করেছে এলাহাবাদ হাই কোর্ট। ওয়াকিবহাল মনে করছে, মঙ্গলবারের রায় মুসলিম সমাজের জন্য বড় ধাক্কা এবং এর সুদূরপ্রসারী প্রতিক্রিয়া হতে পারে আগামী দিনে। আদালত বলেছে, যে কোনও ধর্মীয় স্থানের একটি মাত্র পরিচয় থাকতে পারে। একই সঙ্গে মন্দির এবং মসজিদ হতে পারে না। তাই জ্ঞানবাপীর চরিত্র নির্ধারণ করা দরকার।
এই রায় দিতে গিয়ে এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি রোহিত রঞ্জন অগ্রবাল আরও বলেছেন, জ্ঞানবাপী মসজিদ ১৯৯১ সালের প্রোটেকশন অফ ওরশিপ অফ রিলিজিয়াস প্লেসেস আইনের আওতায় আসবে না। কারণ, এই মসজিদের চরিত্র বদলের দাবি জানিয়ে ১৯৯১ সালের আগেই মামলা হয়েছিল। ওই আইনের আগে হওয়া মামলার কারণেই অযোধ্যার রাম মন্দির-বাবরি মসজিদ বিতর্ক ১৯৯১ সালের আইনের আওতায় ছিল না।
ওই আইনে বলা আছে, ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ধর্ম নির্বিশেষে কোনও উপাসনা স্থলের চরিত্র, আকার বদল করা যাবে না। আইনজ্ঞদের একাংশের মতে, এলাহাবাদ হাই কোর্টের মঙ্গলবারের রায়ের অর্থ, প্রয়োজনে জ্ঞানবাপীর স্বরূপ বদল করা সম্ভব।
মগলবারের মামলাটি ছিল উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড এবং মসজিদ কর্তৃপক্ষ অঞ্জুমান ইঞ্জামিয়া মসজিদ কমিটির। বারাণসীর নিম্ন আদালতে দায়ের হওয়া জ্ঞানবাপী সংক্রান্ত পাঁচটি মামলায় হিন্দু পক্ষ দাবি করে, ওই মসজিদে হিন্দু মন্দিরের নিদর্শন রয়েছে। যাতে তারা মন্দির সংস্কার করে পূজাপাঠ করতে পারেন। মঙ্গলবার এলাহাবাদ হাই কোর্ট নিম্ন আদলতকে বলেছে, ছয় মাসের মধ্যে মামলাগুলির নিষ্পত্তি করতে।